কলকাতা : আগামীকাল হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে । শনিবার আমরি হাসপাতালের পক্ষে সিনিয়র জেনারেল ম্যানেজার ডা: সৌমিত্র চ্যাটার্জি জানিয়েছেন,অস্ত্রোপচারের পর দিলীপ ঘোষ খুবই ভাল আছেন । স্বাভাবিক খাবার খাচ্ছেন । এবং হাঁটা চলা করতে পারছেন । তবে রবিবার তিনি বাড়িতে গেলেও তাকে বিশ্রাম নিতে হবে ১ মাস । সেই সঙ্গে চলবে ফিজিওথেরাপি ।
এদিকে আজই অমিত শাহের দফতর থেকে ফোন করা হয় দিলীপ ঘোষকে । ফোনে শারীরিক অবস্থার খোঁজ খবর নেওয়া হয় । চেয়ে পাঠানো হয় চিকিৎসার নথির কপি । তাঁর অস্ত্রোপচারের জেরে শারীরিক সমস্যার জল্পনা ছিলই । কবে দলের কাজে ফিরতে পারবেন সেই নিয়েও ছিল আশঙ্কা । সেই জল্পনার কথা পৌঁছয় দিল্লিতেও । তার জেরেই তড়িঘড়ি ফোন দিলীপ ঘোষকে ।
গত ২৪ শে জানুয়ারি তাঁর মেরুদণ্ডে অস্ত্রোপচার হয় । আমরি হাসপাতালে তাঁর ‘মাইক্রোডিস্কটমি’ নামক অস্ত্রোপচার করেন বিশিষ্ঠ চিকিত্সক ডা: জি আর বিজয়কুমার । চিকিত্সকরা জানিয়েছেন, দিলীপের মেরুদণ্ডে দুটি কশেরুকার মধ্যে সমস্যা দেখা দিয়েছিল । অসুস্থ দিলীপ ঘোষকে দেখতে হাসপাতালে যান কৈলাস বিজয়বর্গীয়, বাবুল সুপ্রিয় এবং মুকুল রায় । তার আগেতাকে দেখতে হাসপাতালে যান শিক্ষামন্ত্রী পার্থ চট্টপাধ্যায় । গত সোমবার ফোন করে তার খোঁজ খবর নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । মুখ্যমন্ত্রীর সঙ্গে অনেকক্ষণ কথা বলেন দিলীপ ঘোষ ।
এই বছরেই মে মাসে রাজ্যে পঞ্চায়েত ভোট হবার কথা । ভোটের আগে এ রাজ্যে দলের সংগঠনকে মজবুত করতে আসরে নেমেছে বিজেপি । বিভিন্ন জেলায় কার্যত চষে বেড়াচ্ছেন খোদ রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । জেলা সফরে বেরিয়ে গুরুতর অসুস্থ হয়ে পরেন তিনি । গত ২১শে জানুয়ারি রাতে বিজেপির এক কর্মসূচিতে যোগ দিতে আসানসোল যান তিনি । রাতে খড়গপুরে ছিলেন দিলীপ ঘোষ । সেখানে আমচকাই অসুস্থ হয়ে পড়েন । তখন তিনি ছিলেন খড়্গপুরের বিধায়ক আবাসনে । সেখানে সরস্বতী পুজোর আয়োজন চলছিল । আচমকাই দিলীপ ঘোষ জানান, তাঁর পা অসাড় হয়ে যাচ্ছে । তিনি অসুস্থ হয়ে পড়ছেন । হাঁটাচলা পর্যন্ত করতে পারছেন না । খবর পাঠানো হয় মেদিনীপুরে । রাতে সেখান থেকে দিলীপবাবুকে দেখতে আসেন চিকিৎসক । যন্ত্রণা কমানোর জন্য ইনজেকশনও দেওয়া হয় । সঙ্গে সঙ্গে বিজেপির চিকিৎসক নেতা সুভাষ সরকারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি চিকিৎসক পাঠান ।
প্রাথমিকভাবে চিকিৎসকরা অনুমান করেছিলেন সাইটিকা থেকেই দিলীপ ঘোষের এই সমস্যা হচ্ছে । তড়িঘড়ি তাঁকে নিয়ে কলকাতার পথে রওনা দেন দলের কর্মী সমর্থকরা । বিজেপি সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই শিরদাঁড়ায় সমস্যা ভুগছেন দিলীপ ঘোষ । নিয়মিত ব্যায়াম করতে হয় তাঁকে । কোমরে বেল্টও ব্যবহার করেন । কিন্তু, দলীয় কর্মসূচির চাপে ইদানীং ব্যায়াম করার সময় পাচ্ছেন না বিজেপি রাজ্য সভাপতি । কোমরে বেল্টও পরছেন না, আর তাতেই পুরানো যন্ত্রণা ফের চাগাড় দিয়ে উঠেছিল বলে মনে করা হচ্ছে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন