লন্ডন : প্রজাতন্ত্র দিবসে লন্ডনে ভারতীয় দূতাবাসের বাইরে ভারতের জাতীয় পতাকার অবমাননার ঘটনায় উত্তাল হয়ে ওঠে হাই কমিশন চত্বর। শুক্রবার ভারতীয় হাই কমিশনের বাইরে ভারতের সমর্থক ও বিরোধীদের মধ্যে হাতাহাতির ঘটনার জেরে স্বাধীন কাশ্মীরের সমর্থকরা ভারতের জাতীয় পতাকার অবমাননা করেছে বলে অভিযোগ। অভিযোগ, এই ঘটনার জেরে উত্তাল হয়ে ওঠে হাই কমিশন চত্বর। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে হস্তক্ষেপ করতে হয়।
লন্ডনে ভারত বিরোধী আন্দোলনের অন্যতম মুখ লর্ড নাজির আহমেদ। তিনি একসময় লেবার পার্টির সদস্য ছিলেন। ২০১২ সালে তাকে দল সাসপেন্ড করে। তারপর তিনি দল ছেড়ে দেন। নাজির প্রতিবছর ভারতের প্রজাতন্ত্র দিবসটিকে “কালা দিবস” হিসাবে পালন করেন। গত কয়েকদিন ধরে নাজির একাধিক ভ্যানে “স্বাধীন কাশ্মীর”, “স্বাধীন খালিস্তান”, “স্বাধীন অসম”, “স্বাধীন নাগাল্যান্ড” ও “স্বাধীন মণিপুর” লেখা হোর্ডিং লাগিয়ে লন্ডন জুড়ে প্রচার করছিলেন। প্রজাতন্ত্র দিবসে বিকাল নাগাদ ভ্যানগুলি পৌঁছায় ভারতীয় হাই কমিশনারের সামনে। এরপর সেখানে ভারত বিরোধী সমর্থকরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাঁরা স্লোগান দেন, “খালিস্তান আজাদি, অারএসএস জঙ্গি সংগঠন।” ইতিমধ্যে সেখানে ভারতের সমর্থকরাও জড়ো হন। তাঁরা পালটা স্লোগান দেন, “বন্দে মাতরম”। নরেন্দ্র মোদীর সমর্থনেও তাঁরা স্লোগান দেন।
ভারতের সমর্থকদের অভিযোগ, বিক্ষোভ চলাকালীন ভারত বিরোধীরা জাতীয় পতাকার অবমাননা করেছে। বিষয়টি নিয়ে উত্তেজনা চরমে ওঠে এবং দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। পুলিশ এসে দুপক্ষকেই সেখান থেকে সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন