নয়াদিল্লি : কর্ণাটকের পরে এবার টিপু সুলতানকে নিয়ে বিতর্ক তৈরি হল দিল্লিতে। সম্প্রতি দিল্লির বিধানসভা ভবনে স্বাধীনতা সংগ্রামী টিপু সুলতানের একটি তৈলচিত্র উন্মোচন করেন মুখ্যমন্ত্রী তথা আম আদমি দলের নেতা অরবিন্দ কেজরিওয়াল। এর পরেই এই ঘটনার তীব্র বিরোধী করে বিজেপি। এই বিষয়ে বিজেপির পক্ষ থেকে ওম প্রকাশ শর্মা বলেন, বিতর্কিত ব্যক্তিত্বের ছবি টানানোর থেকে সংযত থাকা উচিত ছিল। এই বিষয়ে দিল্লি বিধানসভার অধ্যক্ষ রাম নিবাস গোয়েল জানিয়েছেন বিজেপি নেতারা যে কোনও প্রসঙ্গেই বিতর্ক তৈরি করতে চায়। তিনি আরও বলেন, ভারতীয় সংবিধানের ১৪৪ নম্বর পাতায় টিপু সুলতানের ছবি রয়েছে। টিপু সুলতানের ছাড়াও বিধানসভা ভবনে আরও ৬৮ জন স্বাধীনতা সংগ্রামীর ছবি টানানো হয়েছে। তাঁর মধ্যে সুভাষচন্দ্র বসু, ভগৎ সিং, বিরশা মুন্ডাসহ বিখ্যাত স্বাধীনতা সংগ্রামীদের ছবি রয়েছে।
উল্লেখ্য, কংগ্রেস শাসিত কর্ণাটক সরকার ২০১৫ সালে টিপু সুলতানের জন্ম জয়ন্তী পালনের ঘোষণা করে। আর এরপরেই শুরু হয় বিতর্ক। টিপু সুলতান জন্ম জয়ন্তী বিরোধী বিক্ষোভ গোটা রাজ্যজুড়ে শুরু হয়। মারা যান ২ জন বিক্ষোভকারী। কিন্তু এর পরের বছরগুলিতে অর্থাৎ ২০১৬ এবং ২০১৭ সালে ব্যাপক নিরাপত্তা ঘেরা টোপে শান্তিপুর্ণ ভাবে টিপু সুলতানের জন্ম জয়ন্তী পালন করা হয়। বিজেপির একদল নেতারা মনে করেন টিপু সুলতান হিন্দু বিরোধী এবং গণহত্যাকারী ছিলেন। তাই তার জন্ম জয়ন্তী পালন করা উচিত নয়। কিন্তু কংগ্রেস মনে করে টিপু সুলতান একজন স্বাধীনতা সংগ্রামী। কংগ্রেসের এই মনোভাবকে তোষণের রাজনীতি হিসেবে চিহ্নিত করেছিল বিজেপি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন