গুয়াহাটি : বুধবার সকালে অরুণাচল প্রদেশের নামসাই এলাকার পিয়ঙে ভারতীয় সেনাবাহিনীর এক কনভয়ের ওপর হামলাজনিত ল্যান্ডমাইন বিস্ফোরণের সৌভাগ্যবশত কোনও হতাহত না ঘটলেও পরবর্তী এক অভিযানে জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে এক সেনা নায়ক মারা যাওয়ার পাশাপাশি অপর এক জওয়ান ঘায়েল হয়েছেন। হামলার দায় স্বীকার করেছে আলফা-স্বাধীন।
প্রজাতন্ত্র দিবসে তাদের শক্তিপ্রদর্শন করতে নাশকতা সংঘটিত করতে পারে জঙ্গিরা। তাই অসম এবং পার্শ্ববর্তী রাজ্যগুলির স্পর্শকাতর এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হলেও পক্ষান্তরে তারা যে কত শক্তিধর তা প্রমাণ করতে উঠে-পড়ে লেগেছে আলফা-স্বাধীন এবং এনএসসিএন।
এরই ফলশ্রুতিতে গতকাল সকাল প্রায় নয়টা নগাদ ঘটানো হয়েছে ওই বিস্ফোরণ। মঙ্গলবার গোটা রাত অসমের সীমান্তবর্তী অরুণাচল প্রদেশের নামসাই এলাকায় জঙ্গি-বিরোধী অভিযান শেষ করে গতকাল বুধবার সকালে যখন ভারতীয় সেনা বাহিনীর ১১ গ্রেনেডিয়ার রেজিমেন্ট তাদের শিবিরে ফিরছিল, তখন পিয়ং নামের এক গ্রাম সংলগ্ন রাস্তায় প্রায় নয়টা নাগাদ অতর্কিতে ল্যান্ডমাইন বিস্ফোরিত হয়। সৌভাগ্যক্রমে এ ঘটনায় সেনাবাহিনীর কেউ জখম হননি। তবে দুটি গাড়ির ক্ষতি হয়েছে বলে খবর।
এ ঘটনার পর হামলাবাজ জঙ্গিদের ধরতে এলাকায় তাদের অপারেশন জোরদার করে সেনাবাহিনীর ১১ গ্রেনেডিয়ার রেজিমেন্ট। সে সময় আলফা-স্বাধীনের সঙ্গে প্রচণ্ড গোলাগুলি হয়। এতে ভারতীয় সেনাবাহিনীর নায়ক রাকেশ কুমার গুলিবিদ্ধ হলে তাঁকে সঙ্গে-সঙ্গে হেলিকপ্টারে করে তিনসুকিয়ার দিনজানে সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু হাসপাতালে গিয়ে পৌঁছার আগেই মারা যান রাকেশ কুমার। তাঁর বাড়ি রাজস্থানের বিকানেরে। গোলাগুলিতে অপর এক জওয়ানও গুলিবিদ্ধ হয়েছেন। তাঁকেও দিনজান হাসপাতালে নিয়ে ভরতি করা হয়েছে। গোটা অঞ্চলেও এখনও সেনা অভিযান চলছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন