আগরতলা : রাজ্যে আবার বিদ্যালয়ে ছাত্রী শ্লীলতাহানির অভিযোগের ঘটনাটিকে কেন্দ্র করে আমতলী এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। ঘটনার খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হলেন দুই চিত্র সাংবাদিক।
ঘটনার বিবরণ থেকে জানা গেছে, শেকেরকোট দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে ছাত্রীর শ্লীলতাহানির ঘটনা সংগঠিত হয়। ঘটনার খবর সংগ্রহ করতে গিয়ে পান্ডবপুরে বাম যুব নেতার দ্বারা স্থানীয় এক সাংবাদিক আক্রান্ত হন। বিষয়টি নিয়ে ইতিমধ্যে আমতলী থানায় মামলা দায়ের করা হয়েছে।
জানা গেছে, শনিবার শেকেরকোট দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে এক শিক্ষক কর্তৃক এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ উঠে। কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ছড়ায়। বিষয়টি জানাজানি হবার পর এলাকার লোকজন বিদ্যালয়ে গিয়ে হাজির হন। অন্যদিকে অভিযুক্ত শিক্ষক তার পান্ডবপুরস্থিত বাড়িতে চলে যান।
এই অবস্থায় উত্তেজিত জনগণ শিক্ষকের বাড়ির দিকে ধেয়ে যায়। আর এই খবর পেয়ে চিত্র সাংবাদিকরাও ঘটনাস্থলে ছুটে যান। কিন্তু সামগ্রিক ঘটনাবলি ধামাচাপা দিতে শাসক দলের কতিপয় নেতা সক্রিয় হয়ে উঠে এবং তারা দুই চিত্র সাংবাদিক চন্দন পাণ্ডে এবং আশিস মিয়াকে মারধোর করে বলে অভিযোগ করে। তাছাড়া চিত্র সাংবাদিকদের ক্যামেরা ছিনিয়ে নেওয়া হয়েছে। একেই সঙ্গে আনুষঙ্গিক অন্যান্য জিনিষ গুলিও নিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ।
সংশ্লিষ্ট বিষয়ে শাসক দলের স্থানীয় নেতা টিটু দাসের বিরুদ্ধে আমতলী থানায় মামলা করা হয়েছে। এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন