স্টাফ রিপোর্টার, আলিপুর: পরীক্ষায় পাস করতে না পারায় আত্মঘাতী হল ফার্স্ট ইয়ারের এক ছাত্রী। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা থানা এলাকার নুঙ্গি স্টেশন পল্লি এলাকায়। নিউ আলিপুর কলেজে প্রাণীবিদ্যায় অনার্স নিয়ে পড়ত পর্না দত্ত (১৯)। জানা গিয়েছে, গতকাল দুপুরে কলেজ থেকে ফেরার পর পর্নার মা তার রেজ়াল্ট কী হয়েছে তা জানতে চান। এরপর মা নিজে ভাত খাইয়ে দিলে ইন্টারনেট খুলে রেজ়াল্ট দেখতে বসে পর্না। কিন্তু ইন্টারনেট কাজ করছে না বলে তখনকার মতো রেজ়াল্টের বিষয়টি এড়িয়ে যায় পর্না।
এরপর আজ সকালে বাড়ির লোকজন দেখতে পান, পাখার সঙ্গে ওড়নার ফাঁস লাগিয়ে ঝুলছে পর্না। দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা পর্নাকে মৃত বলে ঘোষণা করেন। এরপর পরিবারের লোকজন খোঁজ নিয়ে জানতে পারেন পরীক্ষায় পাশ করতে পারেনি পর্না। তাঁদের ধারণা, পরীক্ষার রেজ়াল্ট খারাপ হওয়ার কারণেই আত্মঘাতী হয়েছে পর্না।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন