কলকাতা : সারাদেশের সঙ্গে পশ্চিবঙ্গেও যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালিত হল ৬৯তম প্রজাতন্ত্র দিবস। শুক্রবার রাজ্যের মূল অনুষ্ঠানটি হয় কলকাতার রেড রোডে । রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী পতাকা উত্তোলন করেন। ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ বিশিষ্টরা। রাজ্যের অন্যান্য জেলাগুলিতেও জাতীয় পতাকা উত্তোলন করে পালন করা হল ৬৯তম প্রজাতন্ত্র দিবস।
এদিন, সকাল ৯টা ৫২ মিনিট নাগাদ রেড রোডের সরকারি অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী। রেড রোডের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও উপস্থিত ছিলেন ছিলেন মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব। রেড রোডে কুচকাওয়াজে ভারতীয় সেনা, নৌ সেনা, পুলিশ অংশগ্রহণ করেছিল। কুচকাওয়াজে অংশ নিয়েছিল রাজ্য সরকারের বিভিন্ন ট্যাবলো ও শহরের বিভিন্ন স্কুল। কুচকাওয়াজে এই প্রথম পশ্চিমবঙ্গ পুলিশ অংশগ্রহণ করল। প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে শহরে ছিল আঁটসাঁট নিরাপত্তা। কলকাতার পাশাপাশি জেলাজুড়ে চলে প্রজাতন্ত্র দিবস উদযাপন।
২৬ জানুয়ারি সকালে শিবপুর পুলিশ লাইনে জাতীয় পতাকা উত্তোলন করেন হাওড়ার জেলাশাসক চৈতালি চক্রবর্তী৷ উপস্থিত ছিলেন হাওড়া গ্রামীণ পুলিশ সুপার গৌরব শর্মা, হাওড়ার অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) অভিজিৎ কুমার লাটুয়া, হাওড়ার তথ্য ও সংস্কৃতি আধিকারিক তাপস ভাওয়াল প্রমুখ৷ এদিন সকাল ৯টায় জাতীয় পতাকা উত্তোলনের পর সম্মিলিত বাহিনীর অভিবাদন গ্রহণ করেন জেলাশাসক৷ উত্তর দিনাজপুরের রায়গঞ্জে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা শাসক আয়েশা রানি, উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার শ্যাম সিং৷ এই উপলক্ষে মার্চফাস্টে অংশ নেয় রাজ্য পুলিশ৷ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা৷ জেলার বিভিন্ন রঙিন ট্যাবলো উপস্থিত দর্শকদের সামনে মাঠ পরিক্রমা করে৷ জেলা শাসক আয়েশা রানি জেলার বিভিন্ন উন্নয়ন মূলক কাজের খতিয়ান তুলে ধরেন৷ অন্যদিকে বিভিন্ন বিদ্যালয় ও সংস্থার সাংস্কৃতিক নৃত্যানুষ্ঠানে রঙিন হয়ে ওঠে ৬৯ তম প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান৷
প্রজাতন্ত্র দিবসে রাজ্যজুড়ে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। রাজ্যের বিভিন্ন জায়গায় চলছে নাকা চেকিং। গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন, বিমানবন্দরে চিরুনি তল্লাশি চালাচ্ছেন বম স্কয়্যাডের কর্মীরা। নামানো হয়েছে স্নিফার ডগ। রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ রেল স্টেশন হাওড়া স্টেশন। আজ প্রজাতন্ত্র দিবসে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে সেখানে। যাত্রীদের লাগেজ পরীক্ষার পাশাপাশি স্টেশন সংলগ্ন এলাকায় চলছে বিশেষ নজরদারি। শিল্প শহর দুর্গাপুরে কোনওরকম নাশকতার ঘটনা এড়াতে চলছে কড়া নজরদারি। রেল স্টেশন থেকে শপিং মল সব জায়গায় তল্লাশি চলছে। দুর্গাপুর, আসানসোলের মতো স্টেশনগুলিতে স্নিফার ডগ নিয়ে তল্লাশি চালাচ্ছে আরপিএফ ।
এর পাশাপাশি আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের তরফে শহরের বিভিন্ন শপিং মল, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে তল্লাশি। শহরে ঢোকার রাস্তাগুলিতে চালানো হচ্ছে বাড়তি নজরদারি। এদিন কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে তমলুক, নন্দকুমার, হলদিয়ার মতো জায়গায়। জলপথেও চলছে তল্লাশি| এদিন নাকা চেকিং ছিল সীমান্তবর্তী এলাকা বেরুবাড়ি, মানিকগঞ্জ এলাকায় । বিএসএফ ও এসএসবি যৌথভাবে নিরাপত্তা খতিয়ে দেখছে। উত্তর-পূর্ব সীমান্ত রেল থেকে দূরপাল্লা এবং প্যাসেঞ্জার ট্রেনে চালানো হচ্ছে তল্লাশি অভিযান।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন