তিলোত্তমার সর্বনিম্ন তাপমাত্রা , জাঁকিয়ে শীতের সম্ভাবনা ক্ষীণ - Aaj Bikel
তিলোত্তমার সর্বনিম্ন তাপমাত্রা , জাঁকিয়ে শীতের সম্ভাবনা ক্ষীণ

তিলোত্তমার সর্বনিম্ন তাপমাত্রা , জাঁকিয়ে শীতের সম্ভাবনা ক্ষীণ

Share This


কলকাতা : নববর্ষের শুরু থেকেই ঠাণ্ডায় কেঁপেছে গোটা বাংলা| কিছু দিন আগেও শীতের আমেজ ছিল ভালোই| তবে, ধীরে ধীরে উধাও হয়ে যাচ্ছে সেই ঠাণ্ডার আমেজ| তাপমাত্রা এখন ঊর্ধ্বমুখী, তবে কি এবার শীতের বিদায় নেওয়ার পালা? এমনই প্রশ্ন এখন প্রতিটি শীতপ্রেমী বাঙালির মুখে মুখে| আবহবিদরাও জানিয়ে দিয়েছেন, সেভাবে আর জাঁকিয়ে শীত পড়বে না তিলোত্তমায়| তবে, উত্তরবঙ্গের কয়েকটি জেলায় আগামী কিছুদিন অব্যাহত থাকবে কুশায়ার দাপট| সৌজন্যে- সকালের দিকে হালকা শীতের আমেজ থাকবে|

আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, বাংলাদেশ ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঘূর্ণাবর্তের জেরে এখন আর সেভাবে ঠাণ্ডা পড়ছে না কলকাতায়| তাপমাত্রা তাই এখন ঊর্ধ্বমুখী| এদিকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রাজ্যে ঢোকায় সকাল থেকেই কুয়াশাচ্ছন্ন থাকছে রাজ্যের বিভিন্ন জেলা| শনিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৭ ডিগ্রি সেলসিয়াস| আবহবিদরা জানিয়ে দিয়েছেন, আগামী কয়েকদিন তাপমাত্রার পারদ নিম্নগামী হওয়ার কোনও সম্ভাবনা নেই| তবে, দক্ষিণবঙ্গে সকাল ও রাতের দিকে হালকা শীতের আমেজ বজায় থাকবে|

উত্তরবঙ্গের কয়েকটি জেলায় এখনও অব্যাহত রয়েছে কুয়াশার দাপট| ফলে আর জাঁকিয়ে ঠাণ্ডা পড়বে না বলে মনে করছেন আবহবিদরা| তবে, সকালের দিকে ঠাণ্ডার আমেজ অনুভূত হচ্ছে| শনিবার দার্জিলিংয়ের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২.৪ ডিগ্রি সেলসিয়াস| জলপাইগুড়িতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮.৭ ডিগ্রি সেলসিয়াস এবং কোচবিহারে সর্বনিম্ন তাপমাত্রা ৭.২ ডিগ্রি সেলসিয়াস|

ডিসেম্বরের শুরু থেকেই শীতের জন্য হাপিত্যেশ করে বসেছিলেন শীতপ্রেমী বাঙালিরা| আসি আসি করেও কিছুতেই ধরা দিচ্ছিল না ‘প্রতীক্ষিত’ শীত| ডিসেম্বর মাসে তাপমাত্রা নেমেছিল ১৩.৮ ডিগ্রিতে| দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে নতুন বছরের প্রথম সপ্তাহেই এক ধাক্কায় তাপমাত্রার পারদ নেমে যায় অনেকটা| নববর্ষের শুরু থেকেই শীতের কনকনানিতে কেঁপেছে গোটা বাংলা| এবার শীতের বিদায়ের পালা, তাই মন খারাপ শীতপ্রেমী বাঙালিদের|

কোন মন্তব্য নেই: