কলকাতা : শুক্রবার সন্ধ্যায় কেওড়াতলা মহাশ্মশানে সুপ্রিয়া দেবীর শেষকৃত্য সম্পন্ন করা হয়। দীর্ঘদিন ধরে বয়সজনিত নানা অসুস্থতায় ভুগছিলেন তিনি। শুক্রবার ভোররাতে বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর।
এদিন দুপুর ৩টে পর্যন্ত বাড়িতেই রাখা হয় সুপ্রিয়া দেবীর মরদেহ। এরপর বাড়ি থেকে রবীন্দ্রসদনে নিয়ে আসা হয় অভিনেত্রীর মরদেহ। প্রায় তিন ঘণ্টা সেখানে শায়িত রাখা হয় তাঁর দেহ। সেখানে প্রয়াত অভিনেত্রীকে শেষ শ্রদ্ধা জানায় তাঁর পরিবার, আত্মীয়স্বজন ও অগনিত অনুরাগীরা। সেখানে তাঁকে শ্রদ্ধা জানাতে উপস্থিত হয়েছে চলচ্চিত্র জগতের কলাকুশীলরা। এরপর ৬.৩০ নাগাদ শেষকৃত্যের জন্য নিয়ে যাওয়া হয় কেওড়াতলা মহাশ্মশানে। শেষবারের মত তাঁকে দেখতে ভিড় করেছেন তাঁর ভক্ত ও অনুরাগীরা।
এর অাগে বালিগঞ্জে এদিন প্রয়াত অভিনেত্রীর বাড়িতে গিয়ে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুপ্রিয়া দেবীর বাড়ি থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী বলেন, "আমরা তাঁকে ঘরের মানুষ হিসেবে জানি। তিনি স্বর্ণযুগের অভিনেত্রী। উত্তম কুমার, সুচিত্রা সেন, সুপ্রিয়া দেবী এগুলো বাঙালির আবেগ। আজও বাংলা সিনেমার কথা মনে পড়লে সুপ্রিয়াদির কথা ভুলতে পারি না।" রবীন্দ্র সদন থেকে সুপ্রিয়া দেবীর মরদেহ নিয়ে শেষযাত্রা কেওড়াতলা মহাশ্মশান পর্যন্ত শেষযাত্রায় সামিল হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে অভিনেত্রীকে রাজ্য সরকারের তরফে দেওয়া হয় গার্ড অফ অনার।গান স্যালুটে দিয়ে শেষ বিদায় জানানো হয় প্রয়াত অভিনেত্রীকে। তদারকি করেন কলকাতা পুলিশ কমিশনার ও মেয়র সহ টলিউডের বহু বিশিষ্ট মানুষ কেওড়াতলা মহাশ্মশানে সুপ্রিয়া দেবীর শেষকৃত্য উপস্থিত ছিলেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন