রাজ্যে কাজের কোনও অভাব নেই: মমতা - Aaj Bikel
রাজ্যে কাজের কোনও অভাব নেই: মমতা

রাজ্যে কাজের কোনও অভাব নেই: মমতা

Share This

কলকাতা: রাজ্যের কর্মসংস্থানের বিষয়ে দরাজ সার্টিফিকেট দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ পুরুলিয়ার প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দেন, ‘রাজ্যের কাজের অভাব নেই৷’ ভিন্ রাজ্যে কাজ করতে গিয়ে শ্রমিক মৃত্যুর ঘটনায় তীব্র নিন্দা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী৷

ভিন রাজ্যে গিয়ে কাজ করতে অসুবিধা হলে শ্রমিকদের রাজ্যে ফিরে আসারও বার্তা দেন তিনি৷ কাজ খুইয়ে রাজ্যে ফেরা শ্রমিকদের এককালীন ৫০ হাজার টাকা অনুদান দেওয়ার কথাও জানান তিনি৷ এর আগেও নোটবন্দির প্রভাবে কাজ হারানো শ্রমিকদেরও এককালীন ৫০ হাজার টাকা অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী৷ অভিযোগ, নোটবন্দির এক বছর পরও বহু শ্রমিক রাজ্যের ঘোষিত বিশেষ সুবিধা থেকে বঞ্চিত হয়েছিলেন৷ নতুন করে এই ঘোষণা নিয়ে বিরোধী শিবিরে তৈরি হয়েছে জল্পনা৷

আজ, মঙ্গলবার পুরুলিয়ার কোটশিলায় প্রশাসনিক সভা করেন মুখ্যমন্ত্রী৷ রাজ্যের শ্রমিকদের জন্য বিশেষ সুবিধা দেওয়ার কথা ঘোষণা করে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘এই রাজ্যে কাজের অভাব নেই৷ ভিন্ রাজ্যে কাজের অভাব থাকলে চলে আসুন৷ রাজ্য সরকার আপনাদের জন্য এককালীন ৫০ হাজার টাকার বিশেষ উৎসাহ ভাতা দেবে৷’’

বিরোধীদের অভিযোগ, রাজ্যের যদি কাজের অভাব নাই থাকত, তাহলে পরিবার ফেলে রেখে কেন ভিন্ রাজ্যে গিয়ে কাজ খুঁজতে হচ্ছে রাজ্যের শ্রমিকদের৷ যদি, তাঁরা ফিরেও আসেন, তাঁদের পরিবার চলবেই বা ভাবে৷ সরকারি বিশেষ ভাতা কতদিনই বা চলবে৷

শ্রম মন্ত্রকের সমীক্ষা বলছে, গোটা দেশে বেকারত্বের হার পশ্চিমবঙ্গের বেশি৷ রাজ্যে যেখানে হাজারে বেকারের সংখ্যা ৫২ জন, সেখানে গোটা দেশে ৪৯ জন৷ আজও বেকারত্বের যন্ত্রণা ভোগ করছেন ৭১ লক্ষ যুবক-যুবতী৷ এই মুহূর্তে রাজ্যের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে নথিভুক্ত বেকারের সংখ্যা অন্তত ৭২ লক্ষের কাছাকাছি৷ সম্প্রতি, লোকসভায় কেন্দ্রীয় শ্রমমন্ত্রীর পেশ করা রিপোর্টে বলা হয়েছে, জাতীয় গড়ের তুলনায় পশ্চিমবঙ্গে বেকারত্বের হার বেশি৷

তথ্য পেশ করে বলা হয়েছে, ২০১২-২০১৩ আর্থিক বর্ষের তুলনায় ২০১৫-২০১৬ অর্থবর্ষে গোটা দেশে বেকারত্বের হার কমেছে মাত্রই ০.৩ শতাংশ৷ রিপোর্ট বলছে,  ২০১৫-২০১৬ অর্থবর্ষে পশ্চিমবঙ্গের গ্রামাঞ্চলে বেকারত্বের হার ৩ শতাংশ৷ শহরাঞ্চলে ৫.৪ শতাংশ৷  চলতি অর্থবর্ষে গোটা বাংলায় বেকারত্বের হার ৮.৪ শতাংশ৷ কেন্দ্রীয় শ্রমমন্ত্রীর পেশ করা রিপোর্ট অনুযায়ী, মোট জাতীয় গড় ৭.৮ শতাংশ৷ 

পশ্চিমবঙ্গে বেকারত্বের হার জাতীয় গড়ের তুলনায় ০.৬ শতাংশ বেশি৷ এই পরিস্থিতিতে দাঁড়িয়ে রাজ্যের কর্মসংস্থানের কী হাল তা বুঝতে বিশেষজ্ঞ হওয়ার কি কোনো দরকার আছে? প্রশ্ন তুলছেন বিরোধীদের একাংশ৷

কোন মন্তব্য নেই: