নতুন বছরে নতুন উপহার প্রাথমিক বিদ্যালয়ে - Aaj Bikel
নতুন বছরে নতুন উপহার প্রাথমিক বিদ্যালয়ে

নতুন বছরে নতুন উপহার প্রাথমিক বিদ্যালয়ে

Share This

বাঁকুড়া: রাজ্যের অন্যান্য জেলার সঙ্গে বাঁকুড়াতেও প্রাথমিক-নিম্ন বুনিয়াদী বিদ্যালয়গুলিতে 'বই দিবস' পালন করা হল৷ জেলার তিন হাজার ৫২৩টি বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় পাঠ্যপুস্তক৷ নতুন শিক্ষাবর্ষের প্রথম দিনেই পাঠ্যপুস্তক পেয়ে খুশি ছাত্র ছাত্রীরা৷ 

বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ সূত্রে খবর, রাজ্য সরকারের নির্দেশানুযায়ী শিক্ষাবর্ষের শুরুতেই বিনামূল্যে ছাত্র ছাত্রীদের পাঠ্যপুস্তক তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়৷ গত কয়েক বছর আগে ২ জানুয়ারি শিক্ষাবর্ষ শুরুর দিনটিকে প্রাথমিক স্তরের প্রতিটি বিদ্যালয়ে 'বুক ডে' বা বই দিবস হিসেবে পালন করা হয়৷  ছাত্র ছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় নতুন বই৷ প্রথম শ্রেণিতে ভর্তি ছাত্র ছাত্রীর সংখ্যা এখনও সংসদের কাছে না থাকায় মোট কতজন ছাত্র ছাত্রীকে এদিন পাঠ্যপুস্তক দেওয়া হয়েছে তা জানা যায়নি৷ 

সারেঙ্গা চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক সোনালী মুর্মু বলেন, ছাত্র ছাত্রীদের হাতে পাঠ্যপুস্তক তুলে দেওয়ার সুযোগ পেয়ে ভালো লাগছে৷ ছোটো ছোটো শিশুদের এই আনন্দের অংশীদার হতে পেরে তিনি গর্বিত বলেও জানান৷ 

স্কুল থেকে নতুন পাঠ্যপুস্তক পেয়ে বেজায় খুশি তালডাংরার খিচকা নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী শিল্পা কোটাল, সারেঙ্গার নেতুরপুর প্রাথমিক বিদ্যালয়ের রুপসা পণ্ডা, ভোলানাথ পাল, ইন্দাসের আকুই প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী সায়ন্তিকা ঘোষ হিড়বাঁধের উগানপাথর প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র মার্শাল মাণ্ডিরা বলে, স্কুলে প্রথম দিনই এসে নতুন বই পেয়ে ভালো লাগছে৷ আজ থেকেই পড়াশুনা শুরু করতে পারবো৷ 

সারেঙ্গার নেতুরপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাধন কুমার মণ্ডল বলেন, এখন আর ছাত্র ছাত্রীদের পাঠ্য পুস্তকের জন্য অপেক্ষা করতে হয় না৷ আগে যেখানে নতুন বই পেতে অনেক সময় শিক্ষাবর্ষের অনেকটা সময় কেটে যেতো এখন আর তা হয় না৷ অবস্থার পরিবর্তন হয়েছে৷ শিক্ষাবর্ষের প্রথম দিনটিতে 'বুক ডে' হিসেবে ঘোষণা করা হয়েছে৷ আর ওই দিনই সব ছাত্র ছাত্রীকে নতুন বই তুলে দেওয়া সম্ভব হচ্ছে বলেও তিনি জানান৷ 



আরও পড়ুন-


কোন মন্তব্য নেই: