কলকাতা: পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি শুনে সন্তুষ্ট রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠি| এমনই দাবি করলেন রাজ্য নির্বাচন কমিশনার অমরেন্দ্র কুমার সিং| তবে রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠির সঙ্গে সাক্ষাতের নির্যাস সাংবাদিকদের কাছে জানাতে রাজি নন তিনি|
বুধবার রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে সাক্ষাত করেন রাজ্য নির্বাচন কমিশনার অমরেন্দ্র কুমার সিং| রাজভবনে রাজ্যপালের সঙ্গে কথা বলার পর রাজ্য নির্বাচন কমিশনার জানিয়েছেন, “রাজ্যপালকে পঞ্চায়েতের প্রস্তুতি সম্পর্কে জানিয়েছি এবং নিরাপত্তা ব্যবস্থা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি জানিয়েছি৷ নির্বাচনের প্রস্তুতি শুনে তিনি সন্তুষ্ট হয়েছেন৷”
এর পাশাপাশি রাজ্যপাল এদিন নির্বাচন কমিশনারের কাছে জানতে চান, নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন রয়েছে কিনা? ভোটের নিরাপত্তার বিষয়ে রাজ্যের তরফে কী কী পদক্ষেপ নেওয়া হচ্ছে, এ সমস্ত বিস্তারিত জানতে চান রাজ্যপাল। তার আগে বুধবার সকালে মুখ্যসচিব মলয় দে এবং স্বরাষ্ট্রসচিব অত্রি ভট্টাচার্যকে ডেকে পাঠিয়েছিলেন রাজ্যপাল।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন