বিজেপির মিছিলে বোমা ও গুলি, রণক্ষেত্র উত্তর - Aaj Bikel
বিজেপির মিছিলে বোমা ও গুলি, রণক্ষেত্র উত্তর

বিজেপির মিছিলে বোমা ও গুলি, রণক্ষেত্র উত্তর

Share This

রায়গঞ্জ: মনোনয়ন পত্র তোলাকে কেন্দ্র করে বুধবার রণক্ষেত্রের চেহারা নিল রায়গঞ্জের হালপাতাল মোড়৷ অভিযোগের তির তৃণমূল আশ্রিত দুস্কৃতিদের বিরুদ্ধে৷ বিজেপির মিছিল লক্ষ্য করে ছোঁড়া হল বোমা, চলল গুলি৷ তবে ঘটনায় হতাহতের কোনও খবর না পাওয়া গেলেও এলাকায় তীব্র উত্তেজনা রয়েছে৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী৷ শাসকদলের তরফে অভিযোগের এবিষয়ে পাল্টা কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷

ঘটনায় প্রকাশ, বুধবার রায়গঞ্জ ব্লক অফিসে আট নং বাহিন অঞ্চলের গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রার্থীরা মনোনয়নপত্র তুলতে যান৷ অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরা তাদের মনোনয়ন পত্র তুলতে বাধা দেয়। মনোনয়ন পত্র না তুলতে পেরে বিক্ষুব্ধ কর্মী সমর্থকেরা বিজেপির জেলা কার্যলয়ের সামনে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। রায়গঞ্জ শহরের ব্যস্ততম রাস্তা এমজি রোডে প্রায় একঘন্টার অবরোধে ব্যাপক যানজট শুরু হয়ে যায়। প্রশাসনিক আশ্বাসে পথ অবরোধ তুলে নেন তারা৷ ফের মনোনয়ন পত্র তোলার জন্য মিছিল করে এগোতে থাকে বিজেপি কর্মী সমর্থকেরা। অভিযোগ এই সময়ে মিছিলকে লক্ষ করে ব্যাপক বোমাবাজি করে শাসকদল আশ্রিত দুষ্কৃতিরা।

পঞ্চায়েত ভোটের দিন ঘোষণার পর থেকেই জেলায় জেলায় শুরু হয়ে গিয়েছে বিরোধীদের উপর আক্রমণ৷ অভিযোগ, শাসক দল তার নিজস্ব লেঠেল বাহিনী দিয়ে বুথের পর বুথে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করে রেখেছে৷ বাধা দেওয়া হচ্ছে মনোনয়নপত্র তোলা ও জমা দেওয়ার ক্ষেত্রে৷ এমনকি যারা শাসকের সন্ত্রাসের রক্তচক্ষু উপেক্ষা করে মনোনয়ন তুলছেন, তাদের মনোনয়ন কেড়ে নেওয়ার অভিযোগ উঠছে৷ যদিও এবিষয়ে শাসকদলের পক্ষ থেকে কোনও মন্তব্য করেনি৷

কোন মন্তব্য নেই: