নয়াদিল্লি: আগামী মে মাস থেকেই কলকাতা মেট্রো রেলের স্মার্ট কার্ডে স্থান পাবে বাংলা ভাষা। ইংরেজি এবং হিন্দির পর তৃতীয় ভাষা হিসেবে বাংলাকে স্থান দেওয়া হবে মেট্রোর স্মার্ট কার্ডে। আজ রাজ্যসভায় এই সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে লিখিতভাবে এ কথা জানিয়েছেন রেলমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী রাজেন গোহেন।
আগামী মাসের প্রথম সপ্তাহ থেকেই কলকাতা মেট্রো রেলের সমস্ত বুকিং কাউন্টারে এই নয়া স্মার্ট কার্ড মিলবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। লিখিতভাবে তিনি জানিয়েছেন, ২০১১ সাল থেকে যে মেট্রো স্মার্ট কার্ড বর্তমানে চালু রয়েছে, সেগুলিতে বাংলা ভাষাকে স্থান দেওয়া যায়নি শুধুমাত্র জায়গার অভাবে। কারণ সেইসময় কার্ডের একটি দিকে শুধুমাত্র এটি ব্যবহারের নিয়মাবলী ছাপার জন্য নির্ধারিত ছিল। আর বাধ্যতামূলক ভাষা হিসেবে অফিসিয়াল ল্যাঙ্গোয়েজ আইন অনুসারে ইংরেজি এবং হিন্দির ব্যবহার করতেই হত।
সবমিলিয়ে বাংলার জন্য জায়গা বরাদ্দ করা যায়নি। রেলমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী আজ লিখিতভাবে জানিয়েছেন, গত ছ’বছর ধরে স্মার্ট কার্ড ব্যবহার করতে করতে সাধারণ মানুষ এর নিয়মাবলী সম্পর্কে সম্যক ধারণা করতে পেরেছেন। ফলে নিয়মাবলী আরেকটু ছোট করে সেই বাড়তি জায়গায় তৃতীয় ভাষা হিসেবে স্মার্ট কার্ডে বাংলাকে স্থান দেওয়া হবে। এদিন রেলমন্ত্রীকে লিখিতভাবে এই প্রশ্ন করেন রাজ্যসভার নির্দল এমপি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন