এআইসিসির তৈরী এরাজ্যের সদস্য তালিকা নিয়ে ক্ষোভ - Aaj Bikel
এআইসিসির তৈরী এরাজ্যের সদস্য তালিকা নিয়ে ক্ষোভ

এআইসিসির তৈরী এরাজ্যের সদস্য তালিকা নিয়ে ক্ষোভ

Share This

কলকাতা : এআইসিসির তৈরী এরাজ্যের সদস্য তালিকা আজই খারিজ করে নতুন তালিকা তৈরির আবেদন জানাল প্রদেশ কংগ্রেস । কেননা ইতিমধ্যেই ওই তালিকা নিয়ে রাজ্যের কংগ্রেস কর্মীদের মধ্যে তৈরী হয়েছে ক্ষোভ । এখনই উদ্যোগ নেওয়া না হলে দল ছাড়তে পারেন একাধিক নেতা,কর্মী । তাই, প্রদেশ কংগ্রেসেরই একাংশ চাইছে, এই তালিকা আজই খারিজ করে যোগ্যতার বিচারে নতুন তালিকা দ্রুত প্রকাশ করুক এআইসিসি ।

এআইসিসির প্লেনারি অধিবেশনে প্রকাশিত সদস্য তালিকায় এরাজ্যের সদস্য হিসেবে প্রকাশিত হয়েছে মোট ১২৭ জনের নাম । এমনিতেই রাজ্যে কংগ্রেসের অস্তিত্ব মহা সংকটে । সাম্প্রতিক একটা নির্বাচনেও দলীয় প্রার্থীর জামানত বাঁচানো যায়নি । সেই পরিস্থিতিতে এই ১২৭ জনের বিশাল নামের তালিকা দেখে নেতা-কর্মীরা স্তম্ভিত । অনেকেই ক্ষোভে ফেটে পড়েছেন । কর্মীদের বক্তব্য, ‘এই তালিকায় বেশকিছু নিষ্ঠাবান নেতার নাম আছে ঠিকই । তাঁদের স্বীকৃতি দিয়ে দিল্লি সঠিক কাজ করেছে । কিন্তু পাশাপাশি এই তালিকায় ঠাঁই হয়নি বহু যোগ্য নেতার । উল্টে স্রেফ দাদা দিদি ধরে বা ব্যক্তিগত প্রভাব খাটিয়ে এআইসিসির সদস্য তালিকায় নাম তুলেছেন এমন কিছু লোকজন, যাদের সঙ্গে দলের সম্পর্ক নেই । যাদের দলের কাজে পাওয়া যায় না । আছে এমন অনেক নাম, যাদের পাশের বাড়ির লোকজনও চেনেনা ।


মুর্শিদাবাদের জিয়াগঞ্জের কংগ্রেস বিধায়ক শাওনী সিংহরায় ইতিমধ্যেই দল ছেড়েছেন । তার নাম জ্বলজ্বল করছে এআইসিসির সদস্য তালিকায় । কর্মীদের অভিযোগ, এআইসিসির ওই তালিকায় এমন তিন দম্পতির নাম রয়েছে, যাঁদের সঙ্গে কর্মীদের কোনও সম্পর্কই নেই । সব বিধায়ককে এআইসিসির সদস্য করার সিদ্ধান্তকে ঘিরেই মূলত তৈরি হয়েছে বিভ্রান্তি । প্রাথমিক তালিকায় এরাজ্য থেকে মোট ৮৬জনের নাম ছিল । পরের সংযোজিত তালিকায় রয়েছে শাওনীর নাম । শুধু দল ত্যাগী বিধায়কের নাম রয়েছে এমন নয়, বেশ কিছু যোগ্য ব্যক্তি জায়গা পাননি বলেও ইতিমধ্যেই প্রশ্ন তুলতে শুরু করেছে প্রদেশ কংগ্রেসের একাংশ । তাঁদের দাবি, কীসের ভিত্তিতে এই তালিকা তৈরি করা হয়েছে, তা প্রকাশ করে স্বচ্ছ ভূমিকা পালন করুক হাইকমান্ড । এক সদস্যের মতে, ওই প্রাথমিক তালিকায় তিন দম্পতির নাম রয়েছে । যাঁদের দলের কোনও কর্মসূচিতে দেখা যায় না । এআইসিসির সদস্য তালিকায় এত অজানা নামের ভিড় অতীতে কখনও দেখা যায়নি বলে দাবি করেছে দলের নিষ্ঠাবান একাধিক নেতা । এই নেতাদের বক্তব্য, দলে ভাঙন অব্যাহত ।

যদিও পদ্ধতি অনুসারে, সরাসরি হাইকমান্ড নয়, রাজ্য নেতৃত্ব যাঁদের নাম সুপারিশ করে, এআইসিসি তার ভিত্তিতেই তালিকা প্রকাশ করে । প্রদেশ নেতৃত্বও এই দায় এড়াতে পারেনা । এক বিধায়কের মতে, রাজ্যে দলের দুর্দিনে যাঁরা শাসকের প্রলোভন উপেক্ষা করে সংগঠন করছেন, সেইসব কর্মীর স্বীকৃতি পাওয়া উচিত ছিল । কার্যক্ষেত্রে তা হয়নি । তাই নতুন করে তালিকা তৈরির দরকার আছে । এআইসিসি সভাপতি রাহুল গান্ধী বলেছেন, কংগ্রেস নেতাদের নয়, কর্মীদের দল । অথচ যে তালিকা এআইসিসি প্রকাশ করেছে, তাতে তার প্রতিফলন নেই ।

কোন মন্তব্য নেই: