কলকাতা: শুক্রবার রাজ্যসভার ভোটকে ঘিরে সকাল থেকেই ব্যস্ততা তুঙ্গে বিধানসভা ভবনে। সকাল ৯টা থেকে শুরু হয়েছে ভোট। চলবে বেলা চারটা পর্যন্ত। ভোট দেওয়ার সুযোগ পাবেন ২৯৩ জন বিধায়ক। বিজেপি-র তিন বিধায়কের এবার ভোটে অনুপস্থিত থাকার কথা। ভোট উপলক্ষে কড়া নিরাপত্তাব্যবস্থা হয়েছে বিধানসভা ভবনে।
বাংলা থেকে পাঁচ আসনে প্রার্থী মোট ছ’জন। এর মধ্যে নাদিমুল হক গতবারেও তৃণমূল কংগ্রেসের হয়ে জেতেন। তিনি ছাড়া এবার শাসক পক্ষের বাকি তিন প্রার্থী শুভাশিস চক্রবর্তী, আবীর বিশ্বাস ও শান্তনু সেন। এঁদের সঙ্গে জয় অনেকটাই নিশ্চিত তৃণমূল সমর্থিত কংগ্রেস প্রার্থী অভিষেক মনু সিঙ্ঘভির। অভিষেকবাবু এর আগে দু’বার রাজ্যসভায় নির্বাচিত হয়েছেন।
জয়-পরাজয় নিয়ে এই ভোটে বিশেষ চমক না থাকলেও টানটান উত্তেজনা রয়েছে। কারণ, রাজনীতির সমীকরণ। কংগ্রেস-তৃণমূল কংগ্রেসের সমঝোতা প্রভাব ফেলেছে বিভিন্ন স্তরে। সিপিএম প্রার্থী রবীন দেব ইতিমধ্যে অভিষেকবাবুর মনোনয়নে নির্দিষ্ট কিছু আইনবিরুদ্ধ বিষয়ের উল্লেখ করে ওই মনোনয়ন বাতিলের জন্য আবেদন করেছেন। রাজ্যসভার ভোটের রিটার্নিং অফিসার জয়ন্ত কোলের বক্তব্য, “এটা বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়ার এক্তিয়ার আমার নেই। কমিশনের মুখ্য নির্বাচনী আধিকারিকই এ নিয়ে নির্দেশ দিতে পারেন।''
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন