কলকাতা : মরা মুরগির কারবার রুখতে মঙ্গলবার শহরের বিভিন্ন হোটেল ও রেস্তরাঁয় অভিযান চালালো কলকাতা পুরসভা । খোদ পুরসভার পাশেই ফর্ম্যালিনে ডোবানো মরা মুরগি দেখা মিলল নিউ মার্কেট এলাকায় একটি দোকানে । মুরগির রং দেখে তা ফর্ম্যালিনে ডোবানো বলে সন্দেহ হয় পুরসভার অফিসারদের । নিউ মার্কেট এলাকায় মরা মুরগি বিক্রি হয় বলে স্বীকার করেছেন স্থানীয় ব্যবসায়ীরাও । পাশাপাশি, উল্টোডাঙা এলাকাতেও বিভিন্ন রেস্তোরাঁ ও হোটেলে অভিযান চালান পুরকর্মীরা ।
ওই দোকান গুলো থেকে এদিন মাংসের নমুনা সংগ্রহ করা হয় । তা পরীক্ষার জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে পুরসভার নিজস্ব পরীক্ষাগারে । নিয়ম ভেঙে মরা মুরগি বিক্রির অভিযোগ প্রমাণ হলে বাতিল করা হবে সংশ্লিষ্ট রেস্তরাঁর বৈধতা । এর আগেও বাসি,পচা খাবার বিক্রি রুখতে অভিযানে নামে পুরসভা । বাজেয়াপ্ত করা হয় একাধিক রেস্তরাঁর কাগজপত্র । বন্ধ করে দেওয়া হয় একাধিক হোটেল ও রেস্তরাঁ । এবার মরা মুরগির মাংসের কারবার রুখতেও ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে ।
পুরসভার অফিসাররা জানিয়েছেন, ভেজাল জলের মতোই খাদ্য সুরক্ষা আইনে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ফৌজদারী আইনের ২৭২ ও ২৭৩ ধারায় মামলা করার জন্য এনফোর্সমেন্ট ব্রাঞ্চের কাছে আবেদনও জানানো হবে । এছাড়া কোথাও পরীক্ষার নমুনায় ফর্ম্যালিনের উপস্থিতির প্রমাণ পেলেই খাদ্য সুরক্ষা আইনে মামলা করবে পুরসভা । যে মামলায় দোষী প্রমাণিত হলেই ৬ মাস থেকে যাবজ্জীবন জেল, এমনকী মোটা আর্থিক জরিমানার সামনেও পড়তে হতে পারে দোষীকে ।
সোমবার থেকে শহরের ১৬টি বরোয় শুরু হয়েছে মুরগির মাংসের নমুনা সংগ্রহের কাজ । পুরসভা সূত্রে খবর, প্রতি বরোতে অন্তত ২ টি করে নমুনা সংগ্রহ করে এনে তা পরীক্ষা করা হবে । পরীক্ষায় যদি দেখা যায় রোগে আক্রান্ত মুরগি ফর্ম্যালিনে ডুবিয়ে তা বিক্রি করা হয়েছে তাহলে বাজেয়াপ্ত করা হবে ট্রেড লাইসেন্স । খাদ্য সুরক্ষা আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে অভিযুক্তদের বিরুদ্ধে । এদিন কলকাতা পুরসভায় মেয়র পারিষদ স্বাস্থ্য অতীন ঘোষ জানান, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া থেকে শহরের চাহিদার প্রয়োজনীয় মাংস সরবরাহ করে ।
সম্প্রতি উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া এলাকা থেকে শহরে মরা মুরগি চালানের অভিযোগ এসেছে । এর ফলে শহরের মুরগি সাপ্লায়ার, ডিস্ট্রিবিউটরদের কাছে গিয়ে যেমন স্টক মিলিয়ে দেখা হবে, তেমনই কোথাও মুরগি মারা গেলে পরবর্তী কী পদক্ষেপ করছে স্টকিস্ট বা ডিস্ট্রিবিউটররা তা খতিয়ে দেখা হবে । পাশাপাশি শহরের রেস্তরাঁ, হোটেল ও রাস্তার রেস্তরাঁতেও অভিযান চালানো হবে । স্ট্রিট ফুড থেকে নামী রেস্তোরাঁয় তল্লাশি চালাবেন পুরসভার কর্মীরা । সংগ্রহ করা হবে মুরগির মাংসের নমুনা । সেই নমুনা পরীক্ষা করা হবে পুরসভার নিজস্ব পরীক্ষাগারে । মাংসে ফর্ম্যালিন পেলেই আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানা মেয়র পারিষদ স্বাস্থ্য অতীন ঘোষ ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন