বর্ধমান : শেষপর্যন্ত বর্ধমানের বিতর্কিত অন্নপূর্না নার্সিংহোম বন্ধের নির্দেশ দিল জেলা প্রশাসন। সোমবার রাতেই নার্সিংহোম কর্তৃপক্ষকে নোটিশ দেওয়া হয়েছে বলে পূর্ব বর্ধমান জেলা প্রশাসন জানিয়েছে।
জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক এবং জেলা মুখ্য স্বাস্থ্যাধিকারিক সহ জেলা স্বাস্থ্য সংক্রান্ত মনিটরিং কমিটির একদল প্রতিনিধি অন্নপূর্ণা নার্সিংহোম পরিদর্শনে যান। তারপরই নার্সিংহোমের পরিকাঠামো খতিয়ে দেখে বন্ধের নোটিশ ধরিয়ে দেন।
জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি টিম অন্নপূর্ণা নার্সিংহোমে যান। ওই সময় ৬ জন রোগী ভর্তি ছিলেন। কিন্তু নার্সিংহোম খুঁজেও দেখা মেলেনি কোনো ডাক্তার বা নার্সের। কয়েকজন কর্মী ইতঃস্তত ঘুরে বেড়ালেও একটি নার্সিংহোমের ন্যূনতম শর্ত সর্বক্ষণের জন্য ডাক্তার ও নার্স থাকার কথা। কিন্তু তা পাওয়া যায়নি বলে অভিযোগ। আর তাই সোমবার থেকেই সমস্ত রোগী ভর্তি বন্ধ সহ গোটা নার্সিংহোমকেই বন্ধ করে করার নির্দেশ দেওয়া হয় বলে জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে। ২০১৬ সালে একবার ওই নার্সিংহোম পরিদর্শনে গিয়ে একাধিক অনিয়ম এবং নার্সিংহোম সংক্রান্ত নিয়ম না মানার জন্য জেলা স্বাস্থ্য দপ্তর নার্সিংহোমটি বন্ধ করে দেন।
পরে মালিক পরিবর্তন তথা হাতবদল করে ফের তারা পরিকাঠামো ঠিক করে। অনলাইনে আবেদন করার পর তাঁরা পরিদর্শনে গিয়ে সবকিছু ঠিকঠাক আছে বলে দেখেন। তারপরই নার্সিংহোম খোলার অনুমতি তথা লাইসেন্স দেওয়া হয়। কিন্তু ফের সেই একই ঘটনার পুনরাবৃত্তিতে এদিন ফের নার্সিংহোম বন্ধ করে দেওয়া হয়েছে। যে ৬ জন রোগী ভর্তি রয়েছেন তাদের অন্যত্র সরিয়ে দেবার নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি বীরভূমের মাধ্যমিক পরীক্ষার্থী অরিজিত দাসের মৃত্যুর ঘটনায় শিরোনামে উঠে এসেছে ওই নার্সিংহোমের। মেয়াদ উত্তীর্ণ অগ্নিনির্বাপণ ব্যবস্থা, নন টেকিনিসিয়ানদের দিয়ে কাজ করানো, ডাক্তারী সার্টিফিকেট না থাকা সত্ত্বেও তাদের ডাক্তার সাজিয়ে কাজ করানো প্রভৃতি একাধিক অভিযোগ উঠে এসেছে। এরপরই নড়েচড়ে বসেছে জেলা প্রশাসন। এই বিষয়ে জোরদার তদন্তও শুরু হয়েছে।
পরে জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব বলেন, "তাঁরা জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি টিম অন্নপূর্ণা নার্সিংহোমে যান। কিন্তু নার্সিংহোমে দেখা পাওয়া যায়নি কোনও ডাক্তার, নার্সের। কয়েকজন কর্মী ইতস্তত ঘুরে বেড়াচ্ছিলেন। কিন্তু, একটি নার্সিংহোমের ন্যূনতম শর্ত হিসেবে সর্বক্ষণের জন্য ডাক্তার ও নার্স থাকার কথা থাকলেও তা পাওয়া যায়নি। তাই রোগী ভর্তি বন্ধ সহ নার্সিংহোমটিও বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।"
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন