আগরতলা : ত্রিপুরায় ‘জয়ের নায়ক’ দলের রাজ্য সভাপতি তথা মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেব ও উপ-মুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মনকে দিল্লিতে বীরের মর্যাদা দিলেন বিজেপি-র সর্বভারতীয় নেতৃত্ব। মুখ্যমন্ত্রীকে তাঁরা আশ্বস্ত করেছেন রাজ্যের সমস্যা সমাধানে ইতিবাচক ভূমিকা নেবে কেন্দ্রীয় সরকার। রাজ্যের মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণে কেন্দ্রীয় সরকার দ্রুত কিছু পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
দিল্লি থেকে টেলিফোনে মুখ্যমন্ত্রী বিপ্লব দেব জানান, "প্রধানমন্ত্রীর সঙ্গে রাজ্যের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে। রাজ্যের আর্থ-সামাজিক উন্নয়নের গুরুত্বপূর্ণ ইস্যুগুলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর বিবেচনায় রেখেছেন। নির্বাচনের আগে বিজেপি যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিল 'ভিজন ডকুমেন্ট', তার প্রত্যেকটি বিষয় বাস্তবায়নের জন্য রাজ্য ও কেন্দ্রীয় সরকার এগিয়ে চলছে। তাছাড়া আগরতলায় ইন্ডিয়ান ইন্সটিটিউট অব মেডিক্যাল সায়ান্সের আদলে একটি আন্তর্জাতিক মানের হাসপাতাল করার পরিকল্পনা রয়েছে। এই হাসপাতালটি শুধু ত্রিপুরার জন্যই নয় উত্তর-পূর্বাঞ্চলের অন্যান্য রাজ্য, পার্শ্ববর্তী বাংলাদেশ, মায়ানমার এবং দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গে সম্পর্কের বিষয়টি চিন্তায় রেখে করার প্রস্তাব রয়েছে। প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট সকল বিষয়েই গুরুত্ব সহকারে শুনেছেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন।"
তিনি বলেন, "কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির সঙ্গে কথা হয়েছে। নির্বাচনের আগে তিনি 'ভিজন ডকুমেন্ট' প্রকাশ করেছিলেন। তাই পরিকল্পনাগুলি বাস্তবায়নের বিষয় নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। নীতি আয়োগের সুপারিশ মোতাবেক এসপিএ ফান্ডে ৩৫০০ কোটি টাকা পাওয়ার আশ্বাস পাওয়া গেছে।"
তিনি জানান, রাজ্যের শিক্ষার মান উন্নয়নে ট্রিপলআইটি, কেন্দ্রীয় বিদ্যালয়, অনিয়মিত শিক্ষকদের নিয়মিত করা ইত্যাদি বিষয়ে মানবসম্পদ উন্নয়নমন্ত্রী প্রকাশ জাভড়েকরের সঙ্গে কথা হয়েছে। তাছাড়া গ্রামোন্নয়নমন্ত্রী নরেন্দ্র সিং তোমরের মন্ত্রক থেকে ২৪১ কোটি টাকার আর্থিক সহায়তা চাওয়া হয়েছে। কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আগরতলা বিমানবন্দরের নাম পরিবর্তন নিয়ে আলোচনা হয়েছে। আলোচনায় বহু গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে। আগরতলায় ফিরে তিনি সাংবাদিকদের বিস্তারিত জানাবেন বলেও উল্লেখ করেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন