কলকাতা: নতুন ডিজিটাল ব্যবস্থায় নির্দিষ্ট দিনে কর্মীদের বেতন ও পেনশন নিশ্চিত করতেই সংশ্লিষ্ট খাতগুলিতে সরকার প্রয়োজনের বেশি অর্থ বরাদ্দ করে রাখে, যাতে বাজেট ঘাটতির দরুণ কোনও সমস্যা না বলে এবার দাবি করল রাজ্য। বিগত বাম সরকারের আমলে কর্মচারীদের বেতন-পেনশন অনিয়মিত ছিল বলেও সরকারের অভিযোগ।
নবান্ন জানিয়েছে, সেই খামতি মেটাতে এবং কর্মরত-অবসরপ্রাপ্ত মিলিয়ে রাজ্যের ১৬ লক্ষ কর্মচারীকে মাসের ১ তারিখ ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে সরাসরি বেতন-পেনশনের টাকা দিতেই ইন্টিগ্রেটেড ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম চালু করা হয়েছে।
সরকারের বক্তব্য, চলতি বছর ৪৪ হাজার ৬৫১ কোটি টাকার বেশি ঋণ মেটাতে হয়েছে। এই চরম আর্থিক সঙ্কটের মধ্যেও ১ জানুয়ারি থেকে রাজ্য সরকারি কর্মীদের ১৫ শতাংশ হারে ডিএ প্রদান করা হয়েছে। যার জন্য সরকারের বাড়তি সাড়ে চার হাজার কোটি টাকা ব্যয় হচ্ছে। ২০১১ সালে ক্ষমতায় আসার পর থেকে এ নিয়ে মোট ৬৫ শতাংশ ডিএ দেওয়া হয়েছে। যার জন্য সারা বছরে রাজকোষের বাড়তি ১৯ হাজার ৫০০ কোটি টাকা খরচ হচ্ছে।
সরকারের তরফে জানানো হয়েছে, ২০১০-১১ অর্থবর্ষে যেখানে বেতন-পেনশন খাতে মোট ৩৩ হাজার ৩২ কোটি টাকা খরচ হয়েছিল, ২০১৬-১৭ অর্থবর্ষে তা বেড়ে হয়েছে ৪৮ হাজার ৬৩২ কোটি টাকা। শতাংশের হিসেবে এই বৃদ্ধির পরিমাণ ৪৭ শতাংশ। চলতি আর্থিক বছরে সংশ্লিষ্ট খাতে আনুমানিক ৫২ হাজার কোটি টাকা খরচ হবে বলেও জানানো হয়েছে। বাম আমলের বিপুল দেনার ভার ঘাড়ে থাকা সত্ত্বেও কর্মচারীদের স্বার্থ রক্ষা করতে পরিবর্তনের সরকার আন্তরিকভাবে যথাযোগ্য প্রচেষ্টা করছে বলেও জানানো হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন