পুলিশী নিরাপত্তা ভেঙ্গে নবান্নে সরকারী কর্মচারীদের বিক্ষোভ - Aaj Bikel
পুলিশী নিরাপত্তা ভেঙ্গে নবান্নে সরকারী কর্মচারীদের বিক্ষোভ

পুলিশী নিরাপত্তা ভেঙ্গে নবান্নে সরকারী কর্মচারীদের বিক্ষোভ

Share This

কলকাতা : মঙ্গলবার বকেয়া মহার্ঘভাতার দাবিতে বিক্ষোভে সরব হলেন সরকারি কর্মচারিরা ৷ এদিন দুপুরে নবান্নে চলল বিক্ষোভ ৷ নবান্নে কোন অবস্থান, বিক্ষোভ নিষিদ্ধ হলেও, দুপুরে ডিএর দাবিতে সেখানে বিক্ষোভ দেখালেন ১০ থেকে ১২ জন রাজ্য সরকারি কর্মী ।সিপিএম প্রভাবিত সরকারি কর্মীদের সংগঠন কো অর্ডিনেশন কমিটির সদস্যরা বিক্ষোভ দেখানো শুরু করেন বেলা দেড়টা নাগাদ ।

একতলার ক্যান্টিনের বাইরে কর্মীরা ডিএ বাড়ানোর দাবিতে স্লোগান দেন । একইসঙ্গে পে-কমিশন লাগু করার দাবিও করেন তাঁরা । কড়া নিরাপত্তা ও প্রায় সাড়ে তিন হাজার সিসিটিভি ক্যামেরা থাকা সত্ত্বেও কেন এই বিক্ষোভ প্রস্তুতি সম্পর্কে জানা গেল না, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে নবান্নের অন্দরেই । তবে স্লোগান ওঠার সঙ্গে সঙ্গে তৎপর হয়ে ওঠেন পুলিশকর্মীরা । তাঁরাই স্লোগান দেওয়া কর্মীদের নবান্নের বাইরে বের করে মন্দিরতলা পর্যন্ত নিয়ে যান । যাতে তাঁরা ফিরতে না পারেন সেই ব্যবস্থাও করেন পুলিশকর্মীরা । সরকারের বিরুদ্ধে স্লোগান দেওয়া কর্মীদের অভিযোগ, পশ্চিমবঙ্গে যা চলছে, তা গণতন্ত্রের পক্ষে লজ্জাজনক ।

নবান্ন প্রায় সাড়ে তিন হাজার সিসিটিভি ও পুলিশ দিয়ে মোড়া, করিডরে অচেনা কাউকে ঘুরতে দেখলেই কন্ট্রোল রুম থেকে সতর্কবার্তা আসে কর্তব্যরত সাদা পোশাকের পুলিশের কাছে । সেখানে কী ভাবে এই নিরাপত্তা ও সিসিটিভিকে বুড়ো আঙুল দেখিয়ে নবান্নে বিক্ষোভ দেখালেন ১০ থেকে ১২ জন রাজ্য সরকারি কর্মী , সেই প্রশ্ন উঠেছে । যাতে কোনও বিক্ষোভ দানা না বাঁধে তার জন্য নবান্নের চারদিকে ২ কিলোমিটার এলাকা ১৪৪ ধারার আওতায় আনে পুলিশ । শুধু তাই নয়, মহাকরণে সচিবালয় থাকাকালীন সমস্ত ইউনিয়ন অফিস ভেঙে দিয়েছিল প্রশাসন । আর নবান্নে তাদের ঘরই দেওয়া হয়নি । তা সত্ত্বেও যে ভাবে পুলিশের চোখে ধুলো দিয়ে নবান্নের ভিতরে বিক্ষোভ দেখাল কোঅর্ডিনেশন কমিটি, তা নিয়ে রাজ্য ও কলকাতা পুলিশের মধ্যে চাপান উতোর শুরু হয়ে গেছে ।

 রাজ্য পুলিশের একাংশের বক্তব্য, নবান্নের ভিতরের নিরাপত্তা দেখে কলকাতা পুলিশ । বিক্ষোভের দায় নিতে হবে তাদেরই । আর কলকাতা পুলিশের একাংশ বলছে, নবান্নের বাইরের নিরাপত্তা দেখে রাজ্য পুলিশ । তারাই তো বিক্ষোভকারীদের আটকাতে পারেনি । প্রশাসনিক কাজে মুখ্যমন্ত্রী মঙ্গলবার হুগলি গিয়েছেন । তিনি না থাকায় নবান্নের নিরাপত্তায় ঢিলে দেওয়া হয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ।

কোন মন্তব্য নেই: