‘কঠোর পরিশ্রমই বেঁচে থাকার রসদ’ - Aaj Bikel
‘কঠোর পরিশ্রমই বেঁচে থাকার রসদ’

‘কঠোর পরিশ্রমই বেঁচে থাকার রসদ’

Share This

যোধপুর: কঠোর পরিশ্রমই বেঁচে থাকার রসদ। মঙ্গলবার নিজের ব্লগে এমনটাই জানালেন মেগাস্টার অমিতাভ বচ্চন। বিগ-বি এখন রাজস্থানের যোধপুর শহরে। পরিচালক বিজয়কৃষ্ণ আচার্যের ‘ঠগস হিন্দোস্তানি’ ছবির শ্যুটিংয়ে চূড়ান্ত ব্যস্ত। দিনরাত শ্যুটিংয়ের ঠাসা কর্মসূচি। 

প্রচণ্ড পরিশ্রমের মাঝে একবার অসুস্থও হয়ে পড়েছিলেন তিনি। মুম্বই থেকে চিকিৎসকদের একটি দল এসে তাঁর স্বাস্থ্য পরীক্ষাও করেন। বিগ-বি’র পরিবার সূত্রে খবর, মাঝে মাঝে পিঠ ও ঘাড়ের ব্যথায় বড্ড কাবু হয়ে পড়ছেন তিনি। ওই ছবিতে অমিতাভের বিপরীতে অভিনয় করছেন আমির খান। তিনিও জানিয়েছেন, কিংবদন্তী অভিনেতার পিঠ ও ঘাড়ের ব্যথায় কষ্ট পাচ্ছেন। এমন অসুস্থতা নিয়েও নিজের কাজে অবিচল মেগাস্টার। বিরামহীন টানা শ্যুটিং করে যাচ্ছেন একের পর এক। 

এদিন সকাল ছ’টা নাগাদ নিজের ব্লগে ঠাসা এই শ্যুটিং কর্মসূচি ভক্তদের সঙ্গে শেয়ার করার পাশাপাশি বিগ-বি বলেছেন, বেঁচে থাকার একমাত্র রসদই হল কঠোর পরিশ্রম। পঁচাত্তর বছরের মেগাস্টার তাঁর ব্লগে লিখেছেন, কিছু নিয়ে শুরু হয় সকাল। আবার শেষও হয়। কিন্তু পুরোটাই নির্ভর করে তোমার চাওয়া-পাওয়া, আশা-আকাঙ্ক্ষার উপর। তিনি আরও লিখেছেন, গতকাল সন্ধ্যায় যা কিছু নিয়ে তুমি শুরু করেছিলে, আজ সকালে তার সব কিছু শেষ। তারপর আবার নতুন কিছু। আর তাতে এটাই প্রতিষ্ঠা পায় যে, কঠোর পরিশ্রমেই মানুষ বেঁচে থাকে। শ্বাস-প্রশ্বাস গ্রহণ করে। 

কোন মন্তব্য নেই: