কলকাতা: কলকাতা হাইকোর্টের অচলাবস্থা কাটাতে আজ, বুধবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির নেতৃত্বে বসতে চলেছে বিশেষ বৈঠক৷ জানা গিয়েছে, এই বৈঠকে যোগদান করার জন্য আইনজীবীদের তিন সংগঠন বার অ্যাসোসিয়েশন, বার লাইব্রেরি ক্লাব ও ইনকর্পোরেট ল সোসাইটির প্রতিনিধি সহ রাজ্যের অ্যাডভোকেট জেনারেল ও কেন্দ্রীয় সরকারের তরফে অতিরিক্ত সলিসিটর জেনারেলকে যোগদান করার আহ্বান জানানো হয়েছে হাইকোর্ট প্রশাসনের তরফে৷ সূচি অনুযায়ী, আজ সকাল ১১টা থেকে বৈঠক হওয়ার কথা৷
সোমবার কর্মবিরতি আন্দোলন দীর্ঘায়িত করার সিদ্ধান্ত গৃহীত হওয়ার রাতেই সুপ্রিম কোর্ট থেকে বার্তা আসে কলকাতা হাইকোর্টে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দীপক মিশ্র হাইকোর্ট প্রতিনিধিদের দাবি বিবেচনার আশ্বাস দেওয়ার পরেও কেন পরিস্থিতির বদল হল না, সেই প্রশ্ন উঠেছে৷
জানা গিয়েছে, গত ১৬ মার্চ দেশের প্রধান বিচারপতি মিশ্র কলকাতা হাইকোর্ট প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেন৷ যে তিন দাবি নিয়ে এখানে আন্দোলন চলছে, সেই প্রসঙ্গে তিনি জানিয়েছিলেন, আইবি রিপোর্ট সহ সাত বিচারপতি প্রার্থীর নাম কেন্দ্রীয় সরকারের হাত ঘুরে তাঁদের কাছে এসেছে৷ যা কলেজিয়াম শীঘ্রই বিবেচনা করবে৷ যদি আরও নাম বা সুপারিশ আসে, তাও দ্রুত বিবেচনা করার আশ্বাস তিনি দিয়েছিলেন৷
স্থায়ী প্রধান বিচারপতি প্রসঙ্গে বলা হয়, ১০ জানুয়ারি বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্যের নাম এজন্য সুপ্রিম কোর্ট সুপারিশ করেছিল৷ শীঘ্রই তা বাস্তবায়িত করা হবে৷ সুপ্রিম কোর্টে কলকাতা হাইকোর্টের প্রতিনিধিত্ব থাকার বিষয়টিও বিবেচনা করা হচ্ছে বলে তিনি জানিয়েছিলেন৷ সঙ্গে আন্দোলন প্রত্যাহারের অনুরোধও করেছিলেন৷ কিন্তু, আন্দোলনকারীদের একটি বড় অংশ সোমবার দাবি করেন, আরও নির্দিষ্টভাবে আশ্বাস মিললেই আন্দোলন প্রত্যাহৃত হবে, নয়তো নয়৷ এই প্রেক্ষাপটে আজ বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন