কলকাতা : পাশের দাবিতে মঙ্গলবার ফের বিক্ষোভ কলকাতা বিশ্ববিদ্যালয়ে৷ বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে বিক্ষোভ দেখায় তৃণমূল ছাত্র পরিষদ (টিএমসিপি) সমর্থকরা৷ অকৃতকার্য পড়ুয়াদের পাশ করানোর দাবিতে বিক্ষোভে সামিল হয়েছে একাধিক কলেজ৷ টিএমসিপির বিক্ষোভে কলেজ স্ট্রিটে উত্তেজনা দেখা দেয়৷
কলকাতা বিশ্ববিদ্যালয়ের নতুন নিয়ম হল, হাজিরা ৬০ শতাংশের কম হলে পরীক্ষায় বসতে দেওয়া হবে না। মূলত এর জেরেই শুরু হয়েছে নানা স্থানে বিক্ষোভ৷ অকৃতকার্যদের পাস করানোর দাবিতে এ দিন বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ দেখায় পড়ুয়ারা৷ এ দিকে, পাশ করানোর দাবিতে এ দিন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপককে ঘেরাও করে ছাত্ররা৷ তাঁদের অভিযোগ, বি.টেকের চতুর্থ সেমিস্টারের পরীক্ষায় নম্বর কম দেওয়া হয়েছে৷ ফলে,কয়েকজন ফেল করেছে৷ তাদের পাশ করানোর দাবিতে রাজাবাজার সায়েন্স কলেজ ক্যাম্পাসে অধ্যাপক ঘেরাও হয়৷
মঙ্গলবার যোগেশচন্দ্র চৌধুরী কলেজেও ছাত্র বিক্ষোভ হয়৷ গেট আটকে বিক্ষোভ দেখায় তৃতীয় বর্ষের পড়ুয়ারা৷ টেস্টে অকৃতকার্য স্নাতক স্তরের পড়ুয়ারা এই বিক্ষোভ দেখায়৷ তারা চূড়ান্ত পরীক্ষায় বসতে দেওয়ার দাবি জানায়৷ অন্য পড়ুয়া ও শিক্ষকদের আটকে রেখে আন্দোলন করে৷ তাদের অভিযোগ, অধ্যক্ষ অধিকাংশ সময় কলেজে থাকেন না৷ এর কারণ জানতে চেয়ে ধ্বনি দেয় বিক্ষোভকারীরা৷
এর আগে সোমবার ক্যানিংয়ের বঙ্কিম সর্দার কলেজের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখিয়েছে এক দল ছাত্রছাত্রী৷ তৃতীয় বর্ষের এই পড়ুয়া দের দাবি, ক্লাসে হাজিরা কম হলেও পরীক্ষায় বসতে দিতে হবে। আরও এক ধাপ এগিয়ে অধ্যক্ষের অপসারণও চেয়েছে তারা। সোমবার তৃতীয় বর্ষের ছাত্রছাত্রীদের পরীক্ষায় বসার ফর্ম ভর্তির কথা ছিল। যাদের হাজিরা ৬০ শতাংশের কম, তাদের ফর্ম ভরতে দেওয়া হবে না বলে জানিয়ে দেন কলেজ কর্তৃপক্ষ। একটা বছর নষ্ট হবে বুঝেই শুরু হয় গোলমাল। কলেজের গেটে তালা ঝুলিয়ে দেয় বিক্ষোভকারীরা। বাকি পড়ুয়ারাও আবেদনপত্র পূরণ করতে পারেননি।
কলেজ সূত্রে জানানো হয়েছে বঙ্কিম সর্দার কলেজে পাস ও অনার্স কোর্স মিলিয়ে তৃতীয় বর্ষের প্রায় ৬০০ জন ছাত্রছাত্রীর মধ্যে হাতে গোনা ২০-২৫ জন বাদে বাকিদের কারও হাজিরা ৬০ শতাংশ ছোঁয়নি। অনেকে সাকুল্যে ৫-৭ দিন ক্লাসে এসেছেন। বিক্ষোভে সামিল পড়ুয়াদের এই অংশের গলার সুরই অবশ্য বেশি চড়া ছিল কাল। ওই ছাত্ররা অবশ্য তাদের বিক্ষোভের পক্ষে যুক্তিও খাড়া করেছেন। তাদের বক্তব্য, ক্লাস না করলে যে পরীক্ষা দেওয়া যায় না, তা আগে জানানো হয়নি। কলেজের শিক্ষিকা শুভ্রা বিশ্বাস বলেন, ‘‘কলকাতা বিশ্ববিদ্যালয়ের নিয়ম মেনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’’
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন