সাংসারিক বিবাদের জেরে স্ত্রীকে পুড়িয়ে মারার চেষ্টা, আটক অভিযুক্ত স্বামী - Aaj Bikel
সাংসারিক বিবাদের জেরে স্ত্রীকে পুড়িয়ে মারার চেষ্টা, আটক অভিযুক্ত স্বামী

সাংসারিক বিবাদের জেরে স্ত্রীকে পুড়িয়ে মারার চেষ্টা, আটক অভিযুক্ত স্বামী

Share This

ঝড়খালি : সাংসারিক বিবাদের জেরে স্ত্রীকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনায় গুরুতর জখম স্ত্রী বর্তমানে ক্যানিং মহকুমা হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণার ঝড়খালি কোস্টাল থানার ৪ নম্বর নেহেরু পল্লীতে। জখম মহিলার নাম লক্ষ্মী বিশ্বাস। এই ঘটনায় অভিযুক্ত লক্ষ্মী দেবীর স্বামী বাবলু বিশ্বাসকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

দুই সন্তানকে নিয়ে স্বামীর সাথে ঝড়খালি কোস্টাল থানার অন্তর্গত ৪ নম্বর নেহেরুপল্লীতে বসবাস করতেন লক্ষ্মীদেবী। স্বামী পেশায় মৎস্যজীবী। কিন্তু বেশীরভাগ দিন মাছ ধরতে না গিয়ে বন্ধু-বান্ধবদের সঙ্গে মদ্যপান করতেন| এ নিয়েই দীর্ঘদিন ধরেই সংসারে অশান্তি লেগেই ছিল। বুধবার সকালে লক্ষ্মীদেবীর দুই সন্তান স্কুলে যায়। স্বামী বাবলু স্ত্রীকে বলে যান যে তিনি বাজার নিয়ে বাড়ি ফিরলে তবেই রান্না হবে। সেই মত বেশ কয়েকঘণ্টা ধরেই স্বামীর জন্য বাড়িতে অপেক্ষা করছিলেন লক্ষ্মী। কিন্তু, দুপুর একটা নাগাদ বাবলু মদ্যপ অবস্থায় খালী হাতে বাড়ি ফিরলে স্ত্রীর সঙ্গে বচসা শুরু হয়। অভিযোগ সেই সময় ঘরে থাকা কেরোসিন তেল স্ত্রীর গায়ে ছিটিয়ে দিয়ে তাতে আগুন ধরিয়ে দেয় বাবলু।

মুহূর্তে আগুনে অগ্নিদগ্ধ হয়ে জ্বলে ওঠেন লক্ষ্মীদেবী। প্রান বাঁচাতে চিৎকার করতে করতে বাড়ির পাশের পুকুরে ঝাঁপ মারেন তিনি। লক্ষ্মীদেবীর চিৎকার শুনে ছুটে আসেন আশপাশের লোকজন। দেখেন পুকুরে যন্ত্রণায় ছটকাচ্ছেন ওই গৃহবধূ। অন্যদিকে, লক্ষ্মীদেবীর গায়ের আগুন তাদের বাড়ির চালে লেগে দাউ দাউ করে জ্বলে ওঠে| স্থানীয়রাই ওই গৃহবধূকে উদ্ধার করেন এবং বাড়িটিতে জল দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ঘটনার পর অভিযুক্ত বাবলু পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে ধরে পুলিশের হাতে তুলে দেন স্থানীয় মানুষজন। অন্যদিকে, শরীরের সত্তর শতাংশ পুড়ে যাওয়া লক্ষ্মীদেবীকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে প্রথমে বাসন্তী ব্লক প্রাথমিক হাসপাতালে ও পড়ে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন স্থানীয়রা।

কোন মন্তব্য নেই: