নিম্নবর্গে চাকরিপ্রাপ্ত ছয়ের মধ্যে বরাকের দুই, কমলালক্ষের জবাবে জানান মন্ত্রী - Aaj Bikel
নিম্নবর্গে চাকরিপ্রাপ্ত ছয়ের মধ্যে বরাকের দুই, কমলালক্ষের জবাবে জানান মন্ত্রী

নিম্নবর্গে চাকরিপ্রাপ্ত ছয়ের মধ্যে বরাকের দুই, কমলালক্ষের জবাবে জানান মন্ত্রী

Share This


গুয়াহাটি  : রাজ্যে সরকার গড়লে তৃতীয় ও চতুর্থ শ্রেণির পদে স্থানীয়দের নিয়োগ করা হবে বলে গত বিধানসভা নির্বাচনের আগে বিজেপি প্রদত্ত প্রতিশ্রুতি সম্পর্কে জ্ঞাত নয় দক্ষতা নিয়োগ এবং উদ্যম বিভাগ। উত্তর করিমগঞ্জের কংগ্রেস বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের এক প্রশ্নের উত্তরে এই স্বীকারোক্তি বিভাগীয় মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারির। মন্ত্রী জানান, নিম্নবর্গে চাকরিপ্রাপ্ত ছয়জনের মধ্যে বরাক উপত্যকার দুই প্রার্থী রয়েছেন।

বুধবার রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের দ্বিতীয় দিনের লিখিত প্রশ্নোত্তর পর্বে এই প্রশ্ন তুলেছেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। লিখিত প্রশ্নে বিধায়ক জানতে চেয়েছেন, বিজেপি প্রদত্ত প্রাক-নির্বাচনী প্রতিশ্রুতি সম্পর্কে সংশ্লিষ্ট বিভাগ জ্ঞাত কি না ? তাছাড়া সম্প্রতি স্বাস্থ্য অধিকরণে তৃতীয় ও চতুর্থ শ্রেণির পদে প্রার্থী চেয়ে বিজ্ঞাপন দেওয়া হয়েছে বলে যে খবর শোনা যাচ্ছে তা সত্য কি না ? যদি সত্য, তা হলে এই সব পদে স্থানীয় প্রার্থীরা কি বঞ্চিত হবেন ?

এর জবাবে মন্ত্রী পাটোয়ারি বলেন, এ ব্যাপারে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের কাছ থেকে তথ্য চাওয়া হয়েছে। এখনও এ সবের উত্তর হাতে এসে পৌঁছয়নি।
বিধায়ক কমলাক্ষের অন্য এক প্রশ্নের উত্তরে মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারি বলেন, অসম সরকারের অধীনস্থ ইঞ্জিনিয়ারিং কলেজ এবং পলিটেকনিক ইনস্টিটিউশনের খালি তৃতীয় শ্রেণির নিম্নসহায়ক এবং সহকারী স্টোরকিপার পদগুলিতে কেন্দ্রীয়ভাবে অসমের কারিগরি অধিকরণ থেকে বিজ্ঞাপন জারি করা হয়েছিল। ওই বিজ্ঞাপন মোতাবেক লিখিত ও কমপিউটার পারদর্শিতার ভিত্তিতে পুরোপুরি মেধার ভিত্তিতে নিয়োগ করা হয়েছে। তাঁদের ছয়জনের মধ্যে বরাক উপত্যকার দুজন চাকরি পেয়েছেন। তাঁদের নাম ও পদও জানান মন্ত্রী।

লিখিত জবাবিপত্রে মন্ত্রী জানান, নিম্নবর্গের সহায়ক পদে অন্যান্যদের সঙ্গে শিলচরের উত্তর কৃষ্ণপুরের জাভেদ হুসেন মজুমদার এবং সহকারী স্টোর কিপার পদে শিলচর মেহেরপুরের মৃণাল দাসলস্কর।
বিধায়ক কমলাক্ষের প্রশ্ন ছিল, ইঞ্জিনিয়ারিং কলেজে তৃতীয় শ্রেণি পদে বরাক উপত্যকার প্রার্থীদের নিয়োগ করে সরকার নির্বাচনী প্রতিশ্রুতি ভঙ্গ করেছে কি না ? তাঁর এই প্রশ্নের উত্তর দিয়েছেন মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারি।

কোন মন্তব্য নেই: