বরাক-ব্রহ্মপুত্রের চা শ্রমিকদের দৈনিক মজুরিতে সমতা নেই, কমলাক্ষকে জানান মন্ত্রী - Aaj Bikel
বরাক-ব্রহ্মপুত্রের চা শ্রমিকদের দৈনিক মজুরিতে সমতা নেই, কমলাক্ষকে জানান মন্ত্রী

বরাক-ব্রহ্মপুত্রের চা শ্রমিকদের দৈনিক মজুরিতে সমতা নেই, কমলাক্ষকে জানান মন্ত্রী

Share This


গুয়াহাটি  : ব্রহ্মপুত্র এবং বরাক উপত্যকায় অবস্থিত চা বাগানগুলির শ্রমিকদের দৈনিক মজুরির হার নির্ধারণ হয় বাগান কর্তৃপক্ষ এবং শ্রমিক সংগঠনগুলির সমঝোতার ভিত্তিতে। এখনও দুই উপত্যকায় মজুরির তারতম্য রয়েছে। সমহারে দৈনিক মজুরির হার নির্ধারণ করতে হবে সংশ্লিষ্ট চা বাগান পরিচালন কর্তৃপক্ষ এবং শ্রমিক ইউনিয়নগুলির মধ্যে দ্বিপাক্ষিক আলোচনা বা চুক্তির ভিত্তিতে। এ ব্যাপারে কোনও নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া এ মুহূর্তে সম্ভব নয়।
উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের এক প্রশ্নের জবাব এভাবেই লিখিতভাবে দিয়েছেন শিল্প ও বাণিজ্যমন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারি। মূলত কমলাক্ষের এই প্রশ্ন ছিল মৌখিক। কিন্তু সময়াভাবে তা লিখিতভাবে সদনে পেশ করতে হয়েছে তাঁকে। তার জবাবও লিখিত আকারেই দিয়েছেন মন্ত্রী।

বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের প্রশ্ন ছিল, অসমে কতটি চা বাগান (বড়) এবং ক্ষুদ্র চা বাগান আছে। তাছাড়া বরাক উপত্যকার তিন জেলার কোন কোন বাগানে চায়ের কারখানা সচল আছে বলে জানতে চেয়েছেন তিনি।
উত্তরে মন্ত্রী পাটোয়ারি জানান, অসমে ৭৬৭টি চা বাগানের পাশাপাশি ক্ষুদ্র চা বাগান রয়েছে ৭৮,২৬৮টি। চালু কারখানা যথাক্রমে কাছাড়ে ৩৬, হাইলাকান্দিতে ১৬ এবং করিমগঞ্জে নয় (৯)টি। তাছাড়া ডিমাহাসাওয়ে একটি, গুনজুং চা বাগানের কারখানাও চালু। গত দুবছর থেকে বন্ধ কাছাড়ের তিন (৩) ভূবন ভ্যালি, বিক্রমপুর ও পিসি টি ইন্ডাস্ট্রি এবং করিমগঞ্জে তিন বছর থেকে একটি তা বৈঠাখাল চা বাগান।

চা শ্রমিকদের দৈনিক মজুরি সম্পর্কে বিধায়কের প্রশ্নের জবাবে তথ্য দিয়ে মন্ত্রী জানান, ব্রহ্মপুত্র এবং বরাক উপত্যকায় অবস্থিত চা বাগানগুলির শ্রমিকদের দৈনিক মজুরির হার যথাক্রমে ১৩৭ টাকা এবং ১১৫ টাকা। এই হার ২০১৫ সালে ছিল ব্রহ্মপুত্র উপত্যকায় ১১৫ এবং বরাকে ৯৪ টাকা। ২০১৬ সালে ব্রহ্মপুত্র উপত্যকায় ১২৬ এবং বরাক উপত্যকায় ছিল ১০৫ টাকা। এই তারতম্যে সমতা আনতে হবে বাগান পরিচালন কর্তৃপক্ষ এবং শ্রমিক সংগঠনগুলির মধ্যে দ্বিপাক্ষিক সমঝোতার মাধ্যমে।

কোন মন্তব্য নেই: