কলকাতা :‘নিন্দাপ্রস্তাব নিয়ে রাজনীতি করছে শাসকদল’ ৷ রেল বাজেট নিয়ে বিধানসভায় আগামীকাল নিন্দাপ্রস্তাব আনবে শাসকদল ৷ বুধবার তার পরিপ্রেক্ষিতে বিধানসভার বাইরে এই মন্তব্য করেন বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৷ তিনি এদিন বলেন, ‘প্রকৃতই রাজ্যের উন্নয়ন চাইলে অর্থমন্ত্রী-রেলমন্ত্রীর সঙ্গে আলোচনা করুন ৷ রাজ্যের দাবি আদায়ে আমরাও সাহায্য করব ৷ তা না করে দিল্লিতে প্রতিবাদ, এখানে নিন্দাপ্রস্তাব ৷ এসবের মাধ্যমে রাজনীতিই করছে তৃণমূল ৷
এদিকে, রাজ্যপালের অফিসের তরফে অতিরিক্ত মুখ্যসচিব মালদহের ডিভিশনাল কমিশনারকে লেখা একটি চিঠি নিয়ে মাথাচাড়া দিয়েছে বিতর্ক ৷ তৃণমূলের অভিযোগ, রাজ্যপাল সরাসরি জেলা প্রশাসনকে চিঠি লিখতে পারেন না । এদিন বিধানসভায় রাজ্যপালের ভূমিকার নিন্দা করেন পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় । বলেন, ‘কেন্দ্রের অঙ্গুলিহেলনে চলছেন রাজ্যপাল । যে ভাবে চিঠি লিখে বৈঠক করতে চেয়েছেন, তা সংবিধানকে লঙ্ঘন করে’ । রাজ্যপালের সমর্থনে অবশ্য তার পাশে দাঁড়িয়েছে বিজেপি । বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এদিন বলেন, ‘রাজ্যপালকে নিয়ে রাজনীতি হচ্ছে । সংবিধান মেনেই কাজ করেছেন রাজ্যপাল । সরকারের দেওয়া রিপোর্টে আস্থা নেই । সেই কারণেই জেলা প্রশাসনের সঙ্গে সরাসরি কথা বলেছেন রাজ্যপাল । এর মধ্যে সাংবিধানিক সীমা সঙ্ঘনের প্রশ্ন নেই । অতীতেও এধরনের একাধিক দৃষ্টান্ত রয়েছে । এব্যাপারে নিন্দাপ্রস্তাব আনার দাবি জানান বিরোধীরা । ‘প্রস্তাব এলে বিবেচনা করা হবে’ বলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় । বিরোধীদের দাবিতে অবশ্য রাজনীতি দেখছেন পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় । অধ্যক্ষের সঙ্গে একমত নন তিনি ।
বিতর্কের সূত্রপাত, গত ৩১ জানুয়ারি মালদহের ডিভিশনাল কমিশনারকে লেখা একটি চিঠি থেকে ৷ রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর তরফে অতিরিক্ত মুখ্যসচিব চিঠি লিখে মালদহ ও মুর্শিদাবাদের জেলাশাসক, পুলিশ সুপার এবং প্রশাসনিক কর্তাদের জানান তাদের সঙ্গে বৈঠকে বসতে চান রাজ্যপাল ৷ বৈঠকে রাজ্যের আইনশৃঙ্খলা, রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প নিয়ে আলোচনা করা হবে ৷ মুর্শিদাবাদের আইজি-কেও এই বৈঠকে হাজির থাকার কথা বলা হয় ৷ রাজ্যকে এড়িয়ে জেলা প্রশাসনের সঙ্গে রাজ্যপালের এই বৈঠককে কেন্দ্রের হস্তক্ষেপ বলেই অভিযোগ করেছে রাজ্য সরকার ৷ এই বৈঠক নিয়ে তৃণমূলের তীব্র আপত্তি প্রসঙ্গে রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী এদিন বলেন, ‘বিতর্ক হলে হতেই পারে ৷ আমার কিছু বলার নেই ৷ সরকার তদন্ত করুক ৷ পার্লামেন্টে উঠলে উঠুক’ ৷ রাজভবন সূত্রে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে বলা হয়েছে, এর আগে প্রাক্তন রাজ্যপাল নুরুল হাসান, এম কে নারায়ণন, গোপালকৃষ্ণ গান্ধীও জেলা প্রশাসনের সঙ্গে জেলা সফরে গিয়ে বৈঠক করেছেন ৷ এরমধ্যে নতুন কিছু নেই ৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন