পালঘর : মহারাষ্ট্রের পালঘর জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে অশ্বত্থ গাছে ধাক্কা মারল একটি দ্রুতগামী প্রাইভেট গাড়ি| বুধবার ভোররাতের এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুর্ঘটনাগ্রস্ত গাড়ির চালক ও আরোহী সহ ৫ বন্ধুর| পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, বিয়ের অনুষ্ঠান শেষে বুধবার ভোররাতে প্রাইভেট গাড়িতে চেপে ভদ্রাই গ্রাম থেকে পালঘর শহর অভিমুখে ফিরছিলেন ৫ বন্ধু| রাতের অন্ধকারে দ্রুত গতিতে ছুটছিল গাড়িটি| ঘড়ির কাঁটায় ভোররাত তখন তিনটে হবে, পাটিলওয়াড়ির কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন গাড়ির চালক| তত্ক্ষণাত্ ‘অভিশপ্ত’ গাড়িটি রাস্তার ধারে একটি অশ্বত্থ গাছে সজোরে ধাক্কা মারে| দুর্ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন গাড়ির চালক ও আরোহী সহ ৫ বন্ধু| মৃতদের প্রত্যেকের বয়স ২৫-৩০ বছরের মধ্যে| মৃতদের নাম হল, তারাপুরের বাসিন্দা নীলেশ তামোরে (২৫), ভদ্রাই-এর বাসিন্দা কিরণ পরশুরাম পাঘদারে (৩০), সতপতির বাসিন্দা দীপেশ পাঘদারে (২৪), পালঘরের বাসিন্দা বিরাজ অর্জুন ভেতাল (২৫) এবং পালঘরের খানপাদার বাসিন্দা সন্তোষ ভি বাহিরাম (৩৭)| অভিশপ্ত গাড়িটি চালাচ্ছিল অর্জুন ভেতাল|
পুলিশ সূত্রের খবর, ভোররাতে ওই রুটে যান চলাচল খুব বেশি হয় না| তাই দুর্ঘটনার পর দীর্ঘক্ষণ গাড়ির ভিতরেই পড়েছিল দেহগুলি| পুলিশের অনুমান, দুর্ঘটনার পরও কেউ হয়তো বেঁচে ছিলেন| মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পালঘরের সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে| এই দুর্ঘটনায় মামলা রুজু হয়েছে সতপতি পুলিশ স্টেশনে| ড্যানিশ খান নামে স্থানীয় এক বিক্রেতা জানিয়েছেন, ‘দ্রুত গতিতে বাঁক নেওয়ার সময় রাস্তার ধারে অশ্বত্থ গাছে ধাক্কা মারে গাড়িটি| কাছে গিয়ে যাত্রীদের গাড়ির ভিতর থেকে বের করার চেষ্টা করি| কিন্তু, তাঁরা গাড়ির ভিতরে আটকে গিয়েছিলেন| আমি নিরুপায় ছিলাম|’ পরে ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন সতপতি পুলিশ স্টেশনের কনস্টেবল প্রকাশ রাউত| তিনিই থানায় ও অ্যাম্বুল্যান্সে খবর দেন| পরে জেসিবি ক্রেনের সাহায্যে গাড়িটিকে সোজা করে দেহগুলি উদ্ধার করা হয়|
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন