১৩ দিনে পড়ল তিন মাওবাদী বন্দীর অনশন, আন্দোলনে এপিডিআর - Aaj Bikel
১৩ দিনে পড়ল তিন মাওবাদী বন্দীর অনশন, আন্দোলনে এপিডিআর

১৩ দিনে পড়ল তিন মাওবাদী বন্দীর অনশন, আন্দোলনে এপিডিআর

Share This


কলকাতা : তিন মাওবাদী বন্দীর অনশন আজ ১৩ দিনে পড়ল ৷ তারা আলিপুর সেন্ট্রাল জেলে বন্দী ৷ আজ বুধবার পূর্ব ঘোষণা মত মানবাধিকার কর্মীরা যান আলিপুর সেন্ট্রাল জেলে ৷ অবিলম্বে অনশনরত বন্দীদের সঙ্গে আলোচনা করে তাঁদের দাবি দাওয়ার মীমাংসা করতে হবে, এই দাবিতেই আজ জেল গেটের সামনে তারা জমায়েত ও গণ অবস্থান করতে চান ৷ কিন্তু, আলিপুর থানার পুলিশ ব্যারিকেড করে তাদের আটকে দেয় ৷ পুলিশের তরফে পরিস্কার জানিয়ে দেওয়া হয়েছে যে নিরাপত্তার কারণে সেন্ট্রাল জেলের সামনে কোন জমায়েতের অনুমতি হবেও না ৷

জেল কর্তৃপক্ষের দুর্ব্যবহার, জেলবন্দীদের স্বাধীনতায় হস্তক্ষেপ সহ বিভিন্ন বিষয় নিয়ে প্রতিবাদ জানাতে আমরণ অনশন আন্দোলন শুরু করেছেন তিন মাওবাদী মনসারাম হেমব্রম ওরফে বিকাশ, বিমল মল্লিক ও অনুপ রায় নেতা ৷ বুধবার তাঁদের অনশন আন্দোলন ১৩ দিনে পড়ল ৷ ইতিমধ্যেই মনসারাম হেমব্রম বা বিকাশ গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন বলেই খবর ৷ তাঁকে জেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে ৷ গুরুতর অসুস্থ মাওবাদীদের রাজ্য কমিটির প্রাক্তন নেতা অনুপ রায়ও ৷ অপর নেতা বিমল মল্লিকেরও অবস্থা বেশ খারাপ ৷ আলিপুর সেন্ট্রাল জেল থেকে সম্প্রতি বন্দী পালানোর ঘটনার পর থেকেই বেশ কড়াকড়ি শুরু করেছে জেল কর্তৃপক্ষ ৷

জেলবন্দীদের অভিযোগ, বাড়ির লোকজনের সঙ্গে দেখাসাক্ষাৎ থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে তাঁদের সঙ্গে দূর্ব্যবহার করছে জেল কর্তৃপক্ষ ৷ বাড়ির লোকজন শুকনো খাবার নিয়ে এলেও তা নিরাপত্তার খাতিরে দেওয়া হচ্ছে না জেলবন্দীদের ৷ যদিও বহূ বছর থেকেই শুকনো খাবার, বিস্কুট পরীক্ষা করে বন্দীদের কাছে পৌঁছে দেবার রীতি রয়েছে জেলে ৷

এপিডিআর সহ বিভিন্ন মানবতাবাদী সংগঠনের অভিযোগ, জেল কর্তৃপক্ষ অনশনরত বন্দীদের চিকিৎসার কোন ব্যবস্থাই নেয় নি ৷
ইতিমধ্যেই রনজিৎ সুরের নেতৃত্বে মানবতাবাদী সংগঠন এপিডিআরের একটি দল দেখা করতে গিয়েছিলেন অনশনরত তিন জেলবন্দীর সঙ্গে ৷ অভিযোগ, জেল কর্তৃপক্ষ তাঁদের দেখা করতে দেন নি অনশনরত মাওবাদী নেতাদের সঙ্গে ৷ মানবতাবাদী সংগঠন এপিডিআরের সদস্য রনজিৎ সূর জানিয়েছেন, ‘আমরা সেন্ট্রাল জেলে নিয়ম মেনেই জেলবন্দীদের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম, কিন্তু আলিপুর জেল কর্তৃপক্ষ তিন জেলবন্দীর সঙ্গে দেখা করতে দেয় নি’৷ তবে, আলিপুর সেন্ট্রাল জেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে যে নিরাপত্তার খাতিরেই মাওবাদী বন্দীদের সঙ্গে কাউকে দেখা করতে দেওয়া হচ্ছে না ৷

কোন মন্তব্য নেই: