সুতারকান্দি সীমান্ত দিয়ে ভারত-বাংলাদেশ বাস পরিষেবা চালুর আর্জি বিধায়ক কমলাক্ষের - Aaj Bikel
 সুতারকান্দি সীমান্ত দিয়ে ভারত-বাংলাদেশ বাস পরিষেবা চালুর আর্জি বিধায়ক কমলাক্ষের

সুতারকান্দি সীমান্ত দিয়ে ভারত-বাংলাদেশ বাস পরিষেবা চালুর আর্জি বিধায়ক কমলাক্ষের

Share This



গুয়াহাটি  : করিমগঞ্জের সুতারকান্দি আন্তর্জাতিক সীমান্ত দিয়ে বাংলাদেশের সঙ্গে বাস পরিষেবা চালু করার আর্জি জানিয়েছেন উত্তর করিমগঞ্জের কংগ্রেস বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। আজ বুধবার রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের দ্বিতীয় দিন বিধায়ক রবিরাম নার্জারির এক মৌখিক প্রশ্নের উপর আলোচনাকালে অংশ নিয়ে এই আর্জি জানান কমলাক্ষ।

বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ বলেন, রাজ্যের সর্বাঙ্গীন বিকাশের লক্ষ্যে সরকার অ্যাডভান্টেজ আসাম-এর মতো নজরকাড়া আয়োজন করেছে। রাজ্যে লগ্নি টানতে এত সব অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। অথচ হাতের কাছে এক সম্ভাব্য ব্যবস্থা হিসেবে বাংলাদশের সঙ্গে যাত্রীবাহী বাস পরিষেবা চালু করা যেতেই পারে। এতে বাণিজ্যের পাশাপাশি পর্যটন ক্ষেত্রেরও বিকাশ হবে। অটলবিহারী বাজপেয়ী ওয়াঘা সীমান্ত দিয়ে পাকিস্তানের সঙ্গে বাস পরিষেবার (‘সদা-এ-সাহদ’ শীর্ষক দিল্লি-লাহোর বাস পরিষেবা) প্রচলন করেছিলেন। এর সুফলও এসেছে। অতএব করিমগঞ্জের ভারত-বাংলাদেশ সীমান্ত সুতারকান্দি দিয়ে বাস পরিষেবা চালু করা যেতেই পারে বলে এবং এতে দু-দেশের সম্পর্ক আরও মজবুত হবে বলে মনে করে বক্তব্য পেশ করেন বিধায়ক দে পুরকায়স্থ। তাঁর আর্জি সম্পর্কে সরকারের কাছ থেকে ইতিবাচক বক্তব্য শুনতে চান উত্তর করিমগঞ্জের বিধারক কমলাক্ষ দে পুরকায়স্থ।

পুরকায়স্থের বক্তব্য শুনে পরিবহণমন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারি বলেছেন, এ নিয়ে গুরুত্ব সহকারে সরকার ভাবছে। তবে বিষয়টি যেহেতু জাতীয় ও আন্তর্জাতিক স্তরের, তাই সে সম্পর্কে খুব সত্বর সদনকে আশ্বস্ত করা যাবে না। এর সঙ্গে বিদেশনীতি, কূটনীতি, স্বরাষ্ট্রনীতি, সংসদে বিল উত্থাপন ও তা পাস ইত্যাদি নানা বিষয় জড়িত।

কোন মন্তব্য নেই: