ইটানগর : অরুণাচল প্রদেশের চাংলাং অঞ্চলে অপহৃত ঠিকাদার চারু তানাকে রাজ্যের দুর্গম খারসাং থেকে উদ্ধার করা হয়েছে। গত ৯ ফেব্রুয়ারি তাঁকে অরুণাচল প্রদেশের চাংলাং অঞ্চলের গুজুরে নিজের বাড়ি থেকে অপহরণ করেছিল এনএসসিএন (আইএম)-এর ক্যাডাররা। এদিন সংগঠনের কতিপয় ক্যাডার রাতে তাঁর বাড়িতে ঢুকে মারপিট করে তুলে নিয়ে গিয়েছিল। তানাকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে পুলিশ ও সেনাবাহিনী ব্যাপক অভিযান চালিয়েছিল। কিন্তু সোমবার রাতের দিকে তাঁকে অত্যন্ত দুর্গম খারসাং এলাকা থেকে বিধ্বস্ত অবস্থায় ছেড়ে যায় জঙ্গিরা।
জানা গেছে, অপহৃত চারু তানা জাতীয় সড়ক নির্মাণের ঠিকাদার। এর আগে এক কোটি টাকার তোলা দিতে কড়া নির্দেশ জারি করেছিল নাগা জঙ্গি সংগঠন এনএসসিএন (আইএম)। এর পর মধ্যস্থতার মাধ্যমে এক কোটি থেকে নেমে ৫০ লক্ষ টাকায় তারা রাজি হয়। সে হিসাবে ৫০ লক্ষ টাকা জঙ্গিদের দিয়ছিলেন ঠিকাদার চারু। কিন্তু এর কিছু দিন পর ফের ৫০ লক্ষ টাকা দিয়ে এক কোটির দাবি পূরণ করতে বলে। বাকি টাকা দিতে গরিমসি করতে থাকলে ৯ তারিখ শুক্রবার রাতে তাঁর বাড়িতে ঢুকে মারধর করে টাকা শোধ করতে বলে। এখনই তিনি টাকা দিতে অপারগ বলে জানালে তুলে নেওয়া হয় চারু তানাকে। তাঁকে নিয়ে যাওয়ার সময় তাঁর পরিবারবর্গকে জঙ্গিরা বলে গেছে, বাকি ৫০ লক্ষ টাকা দিলেই তানাকে মুক্তি দেওয়া হবে। টাকা দিয়ে চারু ছাড়া পেয়েছেন কি না তা খোলসা করছে না পুলিশ বা অপহৃতের পরিবারবর্গ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন