ইভিএম কারচুপি : সিপিআইএমকে ঠুকলেন হিমন্তবিশ্ব - Aaj Bikel
ইভিএম কারচুপি : সিপিআইএমকে ঠুকলেন হিমন্তবিশ্ব

ইভিএম কারচুপি : সিপিআইএমকে ঠুকলেন হিমন্তবিশ্ব

Share This


আগরতলা  : বৈদ্যুতিন ভোটযন্ত্র (ইভিএম)-এর কারচুপি হচ্ছে বলে সিপিআইএম-এর অভিযোগকে হাস্যকর এবং পরাজয়ের ভীতি বলে উল্লেখ করেছে বিজেপি। বিজেপির রাজ্য নির্বাচনী প্রভারী তথা অসমের অর্থমন্ত্রী ডঃ হিমন্তবিশ্ব শর্মা বলেছেন, সিপিআইএমকে বিজেপি-ভূত তাড়াচ্ছে।

বিজেপির রাজ্য নির্বাচনী প্রভারী শর্মা বলেন, "সিপিআইএম বুঝে গেছে, পরাজয় নিশ্চিত। জনগণের সামনে তুলে ধরার মতো কিছুই পাচ্ছে না তারা। পরাজয়ের কারণ খুঁজছে সিপিআইএম। কোনওভাবে নিজেদের জনসমক্ষে অস্তিত্বের জানান দেওয়ার চেষ্টা করছে পার্টি। বর্তমান পরিস্থিতিতে অনেক জায়গায় সিপিআইএম-এর জামানত বাঁচানো কঠিন হয়ে পড়বে।"

তিনি বলেন, "সিপিআইএম-এর অভিযোগ ভিত্তিহীন। যে অম্পিনগর বিধানসভা কেন্দ্রের ভোটযন্ত্র নিয়ে অভিযোগ তুলছে সিপিআইএম, সেই কেন্দ্রে বিজেপি-র কোনও প্রার্থীই নেই। জোটসঙ্গী আইপিএফটি প্রার্থী দিয়েছে ওখানে। বিজেপি-র পদ্মফুল চিহ্ন না-থাকলে সেই চিহ্নে ভোট দেওয়ার প্রশ্নই উঠে না। সিপিআইএম ওখানে ভূত দেখেছে।"
তিনি আরও বলেন, "তারপরেও নির্বাচন কমিশন স্বাভাবিক নিয়মেই সমস্ত ভোটযন্ত্র পরীক্ষা করে ভোটের কাজে সেগুলি ব্যবহারের জন্য দিয়ে থাকে। সেগুলিতে কোনও ধরনের সমস্যা থাকার কথা নয়। আবার ভোট পর্ব শুরুর আগেও এগুলি পরীক্ষা করা হয়।"

তিনি কটাক্ষ করে বলেন, এখন শেষের পালা। বিজেপি নিশ্চিত জয়ের পথে এগিয়ে চলছে। এখন চাইলে সিপিআইএম যে কাউকে সিইও করতে পারে। বর্তমান সিইও বদল করতে পারে। আবার সিপিআইএম-এর রাজ্য সম্পাদক বিজন ধর নিজেও সিইও হয়ে যেতে পারেন। তাতে বিজেপি-র কোনও আপত্তি থাকবে না। বিজেপি-র জয় সুনিশ্চিত।"

কোন মন্তব্য নেই: