কাটলো না অচলাবস্থা, ছাত্র বিক্ষোভে দিনভর উত্তেজনা কলেজে - Aaj Bikel
কাটলো না অচলাবস্থা, ছাত্র বিক্ষোভে দিনভর উত্তেজনা কলেজে

কাটলো না অচলাবস্থা, ছাত্র বিক্ষোভে দিনভর উত্তেজনা কলেজে

Share This

 

ক্যানিং: টানা দুদিন ধরে কলেজে বিক্ষোভ দেখাছেন এক দল ছাত্র ছাত্রী। তৃতীয় বর্ষের পরীক্ষার ফর্ম ফিলাপ করতে চেয়ে কলেজে দুদিন ধরেই চলছে এই বিক্ষোভ। সোমবার প্রায় ঘণ্টা তিনেক বিক্ষোভে পর সকলে ফিরে গেলেও মঙ্গলবার সকাল থেকে ফের শুরু হয় বিক্ষোভ। কলেজের অধ্যক্ষ তিলক চট্টোপাধ্যায়ের ঘরের সামনে বিক্ষোভের পাশাপাশি ধর্নায় বসেন কয়েকশো ছাত্র ছাত্রী।


কলেজের অন্যান্য শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে বেশ কিছু অশিক্ষক কর্মচারীকে ঘরের মধ্যে তালা বন্ধ করে আটকে রেখে চলে বিক্ষোভ। পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশ বাহিনী কলেজে এসে সমস্যা সমাধের চেষ্টা করে ও ব্যর্থ হন। মঙ্গলবার সন্ধ্যা ছটা পর্যন্ত ও কলেজে ছাত্র ছাত্রীদের এই বিক্ষোভ থামেনি। পুলিশের তরফ থেকে ক্যানিং এর মহকুমা শাসক ও ক্যানিং ১ ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিককে এই সমস্যার সমাধানের জন্য ডাকা হলেও তারা এদিন সন্ধ্যে পর্যন্ত কলেজ চত্বরেই আসেননি।

তৃতীয় বর্ষের পরীক্ষায় বসতে গেলে কলেজে অন্তত ষাট শতাংশ উপস্থিতি থাকতে হবে ছাত্রছাত্রীদের এই মর্মে কলকাতা বিশ্ববিদ্যালয় নির্দেশিকা জারি করেছে। বিশ্ববিদ্যালয়ের সেই নিয়ম অনুসারে দক্ষিণ ২৪ পরগণার ক্যানিং থানার অন্তর্গত বঙ্কিম সরদার কলেজের তৃতীয় বর্ষের প্রায় সাড়ে চারশো ছাত্র ছাত্রীর মধ্যে মাত্র ১৬ জন পরীক্ষায় বসার ছাড়পত্র পেয়েছেন। বাকি ছাত্র ছাত্রীরা পরীক্ষার ফর্ম ফিলাপ করতে না পেরে সোমবার থেকেই কলেজে বিক্ষোভ দেখাতে শুরু করে। সোমবার অধ্যক্ষ কলেজে না আসায় ঘণ্টা তিনেক বিক্ষোভ দেখিয়ে চলে যায় সকলে। 

মঙ্গলবার অধ্যক্ষ কলেজে এলে তার কক্ষের সামনে বসে বিক্ষোভ দেখাতে থাকেন কলেজের তৃতীয় বর্ষের ছাত্র ছাত্রীরা। কার্যত নিজের কক্ষেই সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত ছাত্র ছাত্রীদের কাছে ঘেরাও হয়ে থাকতে হয় অধ্যক্ষকে। ছাত্র ও শিক্ষকদের মধ্যে মধ্যস্থতা করতে ক্যানিং থানার ওসি ও ক্যানিং মহিলা থানার ওসি দীর্ঘক্ষণ চেষ্টা করেও বিফল হন। যদিও অধ্যক্ষ তিলক চট্টোপাধ্যায় বলেন, “ যারা পরীক্ষার ফর্ম ফিলাপ করার অনুমতি পায়নি তারা ক্ষমা চেয়ে একটা আবেদন করলে সেটি আমি বিশ্ববিদ্যালয়ের কাছে পৌঁছে দিতে পারি। বিশ্ববিদ্যালয় যদি ওদের আবেদন মঞ্জুর করে তাহলে আমাদের কোন আপত্তি নেই ওদের ফর্ম ফিলাপে বাঁধা দেওয়ার”। 

যদিও অধ্যক্ষের এই বক্তব্যে রাজী হয় নি ছাত্র ছাত্রীরা। তাদের দাবী যে কোন মুল্যে তাদের পরীক্ষায় বসার সুযোগ দিতে হবে না হলে তারা এই বিক্ষোভ আন্দোলন থেকে সরছে না। আর এই বিক্ষোভের মধ্যে পড়ে বিপাকে কলেজের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে অশিক্ষক কর্মচারীরা।

কোন মন্তব্য নেই: