কলকাতা : খেলতে খেলতেই পেরেক গিলে ফেলল নিউটাউনের এক শিশু । যন্ত্রণায় কাতর হয়ে পড়ে নিউটাউনের গৌরাঙ্গনগর অঞ্চলের সাড়ে তিন বছরের কল্লোল মণ্ডল । তাকে নিয়ে উৎকণ্ঠায় ছিল পরিবার । কলকাতার ২টি সরকারি হাসপাতাল ফিরিয়ে দেয় তাকে । ভরতি নেয়নি মেডিক্যাল কলেজ, আরজি কর হাসপাতাল । এরমধ্যে,বেশ কয়েকটা দিন কেটে গিয়েছে । শেষপর্যন্ত, এনআরএস হাসপাতালে ভর্তি করা হয় তাকে । পর্যবেক্ষণে রাখা হয়েছে কল্লোলকে । কিন্তু, এক্স-রে রিপোর্টে তার পেট থেকে মেলেনি পেরেক ।
সপ্তাহ খানেক আগে নিজের মতোই খেলা করছিল কল্লোল । তার মা পাশের ঘরে ছিলেন । আচমকাই কান্না শুনতে পেয়ে ছুটে যান কল্লোলের মা । ততক্ষণে যা ঘটার, ঘটে গিয়েছে । খেলার ফাঁকেই কখনও পেরেক খেয়ে ফেলেছে কল্লোল । সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যাওয়া হয় স্থানীয় চিকিত্সকের কাছে । চিকিত্সকের পরামর্শেই প্রথমে কলা খাওয়ানো হয় তাঁকে । কিন্তু কাজ হয়নি তাতে । এরপর কেটে যায় বেশ কয়েকটা দিন । কল্লোলের বাবা, মা মনে করেন, হয়তো পেরেকটি বেরিয়ে গিয়েছে । কিন্তু কিছুদিনের মধ্যেই ভুল ভাঙে । পেটের যন্ত্রণায় কাতরাতে থাকে ছোট্ট কল্লোল । এক্স রে করে দেখা যায়, পেরেকটি শিশুর পেটেই রয়ে গিয়েছে ।
উদ্বিগ্ন মা বাবা প্রথমে কল্লোলকে নিয়ে যায় আরজি কর হাসপাতালে । অভিযোগ সেখান থেকে ফিরতে হয় তাঁদের । এরপর তাঁরা যান মেডিক্যাল কলেজ হাসপাতালেও । সেখান থেকেও ফেরানো হয় তাদের । এখন পেরেকটি রয়ে গিয়েছে কল্লোলের পেটে । মঙ্গলবার এনআরএস হাসপাতালে শিশুটির আবার এক্স-রে করা হয় । কিন্তু,এক্স-রে রিপোর্টে পেটে পেরেক মেলেনি । কিন্তু এখন যন্ত্রণায় কাতরাচ্ছে ছোট্ট কল্লোল । কী কারণে শিশুটির পেটে ব্যথা, এখন খতিয়ে দেখছেন চিকিৎসকরা ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন