ঝাড়্গ্রাম : এক মাসের ব্যবধানে ফের জঙ্গলমহল সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।জেলা প্রশাসন সুত্রে জানা গেছে,আগামী ১৫ ফেব্রুয়ারি দুপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঝাড়্গ্রাম জেলার বেলাপাহাড়ীতে এক প্রশাসনিক জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে।এবং পরদিন ১৬ ফেব্রুয়ারি ঝাড়্গ্রাম জেলা পুলিশ সুপারের মিটিং হলে এক প্রশাসনিক বৈঠক করবেন বলে জানা গিয়েছে।
শুক্রবার জেলা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিক ও রাজনৈতিক নেতা কর্মীরা বেলাপাহাড়ীর এসসি হাই স্কুল মাঠ পরির্দশনে যান। এদিন মুখ্যমন্ত্রীর সভার মাঠ পরির্দশনে ছিলেন ঝাড়্গ্রামের পুলিশ সুপার অমিত কুমার ভরত রাঠোর,দুই জেলার জেলা শাসক আর অর্জুন ও জগদীশ প্রসাদ মিনা, ঝাড়্গ্রাম জেলা তৃণমূলের সভাপতি অজিত মাইতি সহ একাধিক প্রশাসনের আধিকারিক ও রাজানৈতিক নেতা কর্মীরা।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ১৫ ফেব্রুয়ারি প্রশাসনিক জনসভা থেকে উপভোক্তাদের হাতে বিভিন্ন সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা বিতরন করবেন।পরের দিন ১৬ ফেব্রুয়ারি ঝাড়্গ্রাম পুলিশ সুপারের মিটিং হলে জেলার পুলিশ সুপার, জেলা শাসক, মহকুমা শাসক, জেলার ৮ ব্লকের বিডিও, ৯ টি থানার আইসি, মন্ত্রী,সাংসদ বিধায়ক, জেলা পরিষদের সভাধিপতি জেলা পরিষদের সদস্য ও পঞ্চায়েত সমিতির সভাপতি দের নিয়ে একটি প্রশাসনিক বৈঠকে করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
উল্লেখ্য, পশ্চিম মেদিনীপুরের প্রাক্তন পুলিশ সুপার ভারতী ঘোষ ইস্তফা নেওয়ার পর দ্বিতীয়বার জঙ্গলমহল সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।গত,১৫ জানুয়ারি পশ্চিম মেদিনীপুরের শালবনীতে জিন্দালদের সিমেন্ট কারখানার উদ্বোধন করতে এসেছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু সেদিনের সভা থেকে প্রাক্তন পুলিশ সুপার ভারতী ঘোষ সম্পর্কে একটা বুলিও বলেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।তবে এদিনের সভা থেকে কিছু বলেন কি না তা নিয়ে ইতিমধ্যে জল্পনা শুরু হয়েছে।এদিন ঝাড়্গ্রাম জেলা তৃণমূলের সভাপতি অজিত মাইতি বলেন, মুখ্যমন্ত্রী জঙ্গলমহলে আসার জন্য আমার স্বাগতম জানাচ্ছি। ১৫ ফেব্রুয়ারি দুপুরে বেলাপাহাড়ীর এসসি হাই স্কুল মাঠে এক প্রশাসনিক জনসভায় যোগ দেবেন। এবং ১৬ ফেব্রুয়ারি প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী।অজিত বাবু আরও বলেন, মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায় জঙ্গলমহল সফরের দিকে তাকিয়ে আম জনতা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন