কলকাতা : গুরুতর অসুস্থ মহম্মদ তারিক হাসানকে নিয়ে তৈরী হয়েছে জটিলতা। মানবিকতা আগে, না আইন- প্রশ্ন উঠছে তা নিয়ে। ২০ বছরের ছেলেটিকে নিয়ে ফাঁপড়ে পড়েছে তার পরিবার। কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে আনা হয়েছে বাংলাদেশের ওই যুবাকে। তাঁর পরিবারকে প্রতারণা করিয়ে পালিয়ে যাওয়ার পথে তাঁরই এক ঘনিষ্ঠ আত্মীয়, স্বদেশের আয়ানুল হক সর্দারকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। অভিযোগ, তারিককে আয়ানুল হক সর্দার একটি কিডনি বিক্রি করতে সম্মত হন। কিন্তু অগ্রিম টাকা নিয়ে তিনি পালিয়ে যাচ্ছিলেন। আপাতত তিনি পুলিশ হেফাজতে।
তারিক হাসানের যা অবস্থা, অবিলম্বে তাঁর অস্ত্রোপচার দরকার। পরিবার চাইছেন ধৃত ব্যক্তির সঙ্গে আপোষ করে দ্রুত কিডনির ব্যবস্থা করতে। আয়ানুল হক সর্দারের বিরুদ্ধে আনা প্রতারণার অভিযোগের তদন্ত বা সাজা নিয়ে তাঁরা খুব একটা মাথা ঘামাতে রাজি নন। কিন্তু পুলিশ চায়, আয়ানুলের বিচার হোক!
তারিকের বাবা লুফতর হাসান মন্ডল বাংলাদেশ বিমান বাহিনীতে কাজ করেন। তিনি বলেন, “আমি আয়ানুলের সঙ্গে থানায় দেখা করেছিলাম। ও ওর কৃতকর্মের জন্য ভেঙ্গে পড়েছে। যা করেছে, তার জন্য ও অনুতপ্ত। কুসংসর্গে পড়ে ও এই কাজ করেছে।” তবে, আইনি প্রেক্ষিত কতটা এই অবস্থায় অসুস্থ ছেলেটির সহায়ক হবে, তা নিয়ে প্রশ্ন উঠছে।
প্রবীণ আইনজীবী মিলন মুখোপাধ্যায় বলেছেন, “এক্ষেত্রে ১৯৯৪ সালের ‘হিউম্যান অর্গানস এন্ড টিস্যুস এক্ট’ খতিয়ে দেখা দরকার। এর ৭ ধারায় অঙ্গদাতার সঙ্গে রোগীর আত্মীয়তার সম্পর্ক নিয়ে কিছু বিধিনিষেধ আছে। আর, সেক্ষেত্রে আগে অভিযুক্তকে জামিন পেতে হবে।” সিনিয়র ক্রিমিনাল আইনজীবী শেখর বসুর মতে, “যেখানে মামলার শুনানি চলছে, কেবল তারাই এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারে। প্রসিকিউটর, অভিযোগকারী, অভিযুক্ত সকলে একযোগে আদালতে প্রার্থনা করলে বিচারক সিদ্ধান্ত নিতে পারেন।”
সূত্রের খবর, তারিক হাসানকে নিয়ে ১৭ জানুয়ারি তাঁর বাবা-মা, এক আত্মীয় ও আয়ানুল হক সর্দার কলকাতায় আসেন। ২০১৩-তে মায়ের একটি কিডনি দিতে হয় তারিককে। তাতেও সুস্থ না হওয়ায় তাঁকে ঢাকার চিকিত্সকেরা আর একবার অস্ত্রোপচারের কথা জানিয়েছেন। আয়ানুল ১০ লক্ষ টাকার বিনিময়ে কিডনি দিতে সম্মত হন। ঢাকায় এ কারণে বেশ কয়েক দফা তাঁর শারীরিক পরীক্ষাও হয়। অভিযোগ, এর পর তিনি টাকা নিয়ে কলকাতা থেকে উধাও হয়ে যাচ্ছিলেন। শেষ মুহূর্তে ধরা পড়েন সীমান্তের কাছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন