এক কোটির গচ্চা দিয়ে অবশেষে মুক্ত ‘চন্দননগরের মাল’ - Aaj Bikel
এক কোটির গচ্চা দিয়ে অবশেষে মুক্ত ‘চন্দননগরের মাল’

এক কোটির গচ্চা দিয়ে অবশেষে মুক্ত ‘চন্দননগরের মাল’

Share This


ভুবনেশ্বর: অবশেষে বন্দী হওয়ার প্রায় ১৩ মাস পর ব্যক্তিগত এক কোটি টাকা বন্ডে জামিনে মুক্তি পাবার পর শনিবার ভুবনেশ্বর হাসপাতাল থেকে ছাড়া পেলেন তৃণমূল সংসদ তাপস পাল৷ ২০১৬ সালের ৩০ ডিসেম্বর রোজভ্যালিকাণ্ডে তাপসকে গ্রেফতার করে সিবিআই। কলকাতা থেকে তাঁকে ভুবনেশ্বরে নিয়ে যাওয়া হয়। কয়েকদিন পরই তাপস ভুবনেশ্বরের অ্যাপোলো হাসপাতালে ভর্তি হন। বৃহস্পতিবার ওড়িশা হাইকোর্ট থেকে জামিন পান তিনি। এরপর শনিবার সকালে তাঁর আইনজীবী জমিনের শর্ত অনুসারে খুরদা আদালতে নগদ ১ কোটি টাকা জমা দেন। তাপসের পাসপোর্টও জমা দেওয়া হয় আদালতে। এরপর আদালত থেকে রিলিজ অর্ডার নিয়ে আইনজীবী যান জেল কর্তৃপক্ষের কাছে। সব শর্ত পূরণ করার পর মুক্তি পেলেন তাপস।


উল্লেখ্য, রোজভ্যালি সংক্রান্ত আর্থিক দুর্নীতি মামলায় ২০১৬ সালের ৩০ ডিসেম্বর গ্রেফতার করা হয় কৃষ্ণনগরের সাংসদ তাপস পালকে। পর দিনই তাকে নিয়ে যাওয়া হয়েছিল ওড়িশায়। বন্দি অবস্থাতেই দীর্ঘদিন হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।

দীর্ঘ ১৩ মাস তাপসের জামিন না পাওয়ার কোনও যুক্তিসঙ্গত কারণ দেখেনি আইন মহলের একাংশ। আদালত সূত্রে খবর, যদি না অভিযুক্তের বাইরে থাকাটা অন্য কারও পক্ষে বিপজ্জনক হয়, তাহলে যে কোনও মামলাতেই জিজ্ঞাসাবাদ শেষ হওয়ার পর জামিন দেয়াটা অনেক বেশি যুক্তিসঙ্গত। বেআইনি অর্থলগ্নি সংস্থা রোজভ্যালির সঙ্গে তাপস পালের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল এবং তিনি ওই সংস্থার কাছ থেকে বিভিন্ন সময়ে মোটা টাকা নিয়েছেন বলে অভিযোগ করেছিল সিবিআই। রোজভ্যালির যে ফিল্ম ডিভিশন রয়েছে, তাপস পাল মাস ছয়েক তার অন্যতম ডিরেক্টর ছিলেন। অভিযোগ ছিল, সেই পদমর্যাদাকে কাজে লাগিয়েই, নানা সময় ওই সংস্থা থেকে টাকা তুলেছেন তিনি। এমনকী, স্ত্রী ও মেয়েকে অন্যান্য সুবিধাও পাইয়ে দিয়েছেন৷

কোন মন্তব্য নেই: