কলকাতা : দিনে গরম, রাতে ঠাণ্ডা| আবহাওয়ার এই খামখেয়ালিপনায় শীতপ্রেমী বাঙালিদের মুখে এখন একটাই প্রশ্ন,‘কলকাতায় কি এবার তাহলে বিদায় নিতে চলেছে শীত?’ বেলা বাড়তেই তিলোত্তমায় বাড়ছে গরম| চড়া রোদে ঘামও ঝড়ছে| আবার রাতে হালকা ঠাণ্ডা পড়ছে| আবহবিদদের মতে, আগামী কয়েকদিনের মধ্যে শীত পুরোপুরি বিদায় নিতে চলেছে মহানগরী থেকে| তবে, পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে আরও কিছু দিন ঠাণ্ডা ঠাণ্ডা ভাব থাকবে| তাপমাত্রা বাড়তে বাড়তে শনিবার বেড়ে হয়েছে ১৬.১ ডিগ্রি সেলসিয়াস| তাপমাত্রার এই ঊর্ধ্বগতি বজায় থাকবে আগামী দিনেও, নিম্নগামী হওয়ার কোনও সম্ভাবনা নেই|
উত্তরবঙ্গের বেশিরভাগ অংশের তাপমাত্রা এখনও রয়েছে স্বাভাবিকের থেকে নিচেই| দার্জিলিং, আলিপুরদুয়ারের মতো হিমালয়ের পাদদেশে থাকা অংশে বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে| আবহবিদরা জানিয়েছেন, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরের আকাশ মেঘলা থাকবে|
ডিসেম্বর মাসের শুরু থেকেই শীতের জন্য হাপিত্যেশ করে বসেছিলেন শীতপ্রেমী বাঙালিরা| আসি আসি করেও কিছুতেই ধরা দিচ্ছিল না ‘প্রতীক্ষিত’ শীত| ডিসেম্বর মাসে তাপমাত্রা নেমেছিল ১৩.৮ ডিগ্রিতে| দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে নতুন বছরের প্রথম সপ্তাহেই এক ধাক্কায় তাপমাত্রার পারদ নেমে যায় অনেকটা| নববর্ষের শুরু থেকেই শীতের কনকনানিতে কেঁপেছে গোটা বাংলা| এ বছর জমিয়ে শীত উপভোগ করেছেন বঙ্গবাসী| এবার শীতের বিদায় নেওয়ার পালা, তাই মন খারাপ শীতপ্রেমী বাঙালিদের|
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন