চলছে ত্রিপুরা বিধানসভার নির্বাচন, বুথে বাড়ছে ভোটারদের ভিড় - Aaj Bikel
চলছে ত্রিপুরা বিধানসভার নির্বাচন, বুথে বাড়ছে ভোটারদের ভিড়

চলছে ত্রিপুরা বিধানসভার নির্বাচন, বুথে বাড়ছে ভোটারদের ভিড়

Share This

আগরতলা: সারা রাত বোমাবাজি আর সংঘর্ষের পর দ্বাদশ ত্রিপুরা বিধানসভা নির্বাচনের জন্য ভোট গ্রহণ পর্ব শুরু হয়েছে। উত্তেজনার পারদ তুঙ্গে। বেলা ১টা পর্যন্ত ৪৫.৮৬ শতাংশ ও ৩টে পর্যন্ত ত্রিপুরায় ৬৫ শতাংশ ভোট পড়েছে৷  রবিবার মোট ২৯৭ জন প্রার্থীর ভাগ্য ইভিএম বন্দি হচ্ছে | ত্রিপুরায় বিধানসভা আসন ৬০টি। তবে এদিন ভোট হচ্ছে ৫৯টিতে, চরিলাম কেন্দ্রের সিপিএম প্রার্থীর মৃত্যুর জেরে ওই কেন্দ্রে ভোট হবে ১২ মার্চ।

সকাল সাতটা থেকে ভোট গ্রহণ পর্ব শুরু হয়েছে | তবে দ্বাদশ ত্রিপুরা বিধানসভা নির্বাচনে ভিলেন ইভিএম। সকাল সাতটা থেকে ভোট গ্রহণ পর্ব শুরু হাওয়ার কথা থাকলেও বিভিন্ন ভোট গ্রহণ কেন্দ্রে ভোট যন্ত্র বিকল থাকায় জটিল সমস্যা তৈরি হয়েছে। অনেক স্থানে ভোট ১১ টায় শুরু। তার পরে আবার খারাপ।

এদিকে ,আজ ভোট চলাকালীন রাজধানী আগরতলার প্রাণকেন্দ্রে অবস্থিত বিভিন্ন দিক থেকে যথেষ্ট গুরুত্বপূর্ণ বনমালীপুর বিধানসভা কেন্দ্রের একটি ভোট গ্রহণ কেন্দ্রের ৪০০ মিটার দূরে প্রচুর তাজা বোমা উদ্ধার করা হয়েছে। কোন প্রত্যন্ত অঞ্চল নয়, রাজধানী আগরতলার নজরকাড়া কেন্দ্র বনমালীপুর বিধানসভা কেন্দ্রের ৯ নম্বর বুথ থেকে মাত্র ৪০০ মিটার দূরে প্রচুর তাজা বোমা উদ্ধার করা হয়েছে। এই কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিজেপির রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেব। পুলিশ এলাকাটি ঘিরে রেখেছে। তাজা বোমা উদ্ধারের ঘটনায় এলাকায় আতঙ্ক এবং উত্তেজনা ছড়িয়েছে।তবে প্রত্যেকটি ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে সুরক্ষা বাহিনীর ঘেরাটোপে। ইতিমধ্যেই ভোট দিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সরকার |

এ বারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২৫,৮০,১১৩ জন। তাঁদের মধ্যে ১৩,০৫,৩৭৫ জন পুরুষ এবং ১২,৬৮,০২৭ জন মহিলা। চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী পুরুষ এবং মহিলা ভিন্ন তৃতীয় লিঙ্গের ১১ জন ভোটার রয়েছেন রাজ্যে। রাজ্যে সর্বাধিক ভোটার রয়েছেন ১৪ বাধারঘাট বিধানসভা কেন্দ্রে। এই কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ৫৭,৩৯৪ জন। অন্যদিকে সবচেয়ে কম ভোটার ৪৩ করবুক বিধানসভা কেন্দ্রে। মোট ৩৪,৬৯৯ জন। বাধারঘাট বিধানসভা কেন্দ্রেই সর্বাধিক ৭০টি ভোটগ্রহণ কেন্দ্র রয়েছে। অন্যদিকে, ১৯ চড়িলামে সর্বনিম্ন ৪০টি ভোটগ্রহণ কেন্দ্র রয়েছে।

এই নির্বাচনে ৪ বারের মুখ্যমন্ত্রী মানিক সরকারের নেতৃত্বে তাদের পুরনো গড় ধরে রাখার লড়াই করছে সিপিএম। তবে গত ৫ বছরে রাজনৈতিক রসায়ন পুরোপুরি বদলে গিয়েছে এ রাজ্যে। সিপিএমকে টক্কর দিতে দারুণভাবে উঠে এসেছে বিজেপি। শেষ কয়েকটি ভোটে দুর্দান্ত ফল তাদের আশাবাদী করে তুলেছে। দ্রুত উঠে আসা বিজেপি এবার বামেদের অবসান ঘটিয়ে পূর্ব ভারতের এই রাজ্য দখলের স্বপ্ন দেখছে। সবকটি আসনের ভোটের ফল বার হবে ৩ মার্চ। সরকার গড়তে লাগবে ৩১টি আসন।

কোন মন্তব্য নেই: