আগরতলা: ত্রিপুরায় বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর শ্রমিকদের ন্যূনতম মজুরি জাতীয় স্তরে উন্নীত করা হবে বলে আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই সঙ্গে কর্মচারীদের সপ্তম বেতন কমিশন প্রদানের সুবিধা দেওয়াও আশ্বাস দিয়েছেন তিনি।
ত্রিপুরায় এসে জনগণকে সম্বোধিত করতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, "২৫ বছর ধরে এই রাজ্যে বামেরা ক্ষমতায় রয়েছে। কিন্তু এই সময়ের মধ্যে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর মূল্য বেড়েছে। কিন্তু রাজ্য সরকারের কর্মচারীদের সে অনুযায়ী বর্ধিত হারে অর্থ দিতে নারাজ বামফ্রন্ট সরকার। কোনও এক বাবা আলবদরের জামানায় চতুর্থ বেতন কমিশন দেওয়া হয়েছিল। এর পর রাজ্য সরকারের কর্মচারীরা আর কিছুই পাননি। অন্যান্য রাজ্য হলে এরাই লাল ঝান্ডা হাতে নিয়ে আগুন ধরিয়ে দিত। এতটা দ্বিচারিতা দেশের অন্য কোথাও নেই।"
তিনি আরও বলেন, "বামপন্থীরা দেশের অন্যত্র বিশেষ শক্তি না থাকলেও কম মজুরি দিলেই দেশে হরতাল করে দেয়। হইহট্টগোল করে। অস্থিরতার সৃষ্টি করে। ত্রিপুরায় এরাই সরকারে আছে। কিন্তু শ্রমিকদের ন্যূনতম মজুরি দিতে নারাজ। কথায় এবং কাজের মধ্যে এত অন্তর ভাবা যায় না। ত্রিপুরার মানুষের ন্যূনতম মজুরি পাওয়া উচিত। কেন্দ্রীয় সরকারের নির্ধারিত হারের সঙ্গে এই রাজ্যের আকাশ-পাতাল তফাত। বিজেপি ক্ষমতায় এসেই তা প্রয়োগ করবে।"
প্রধানমন্ত্রী বলেন, রাজ্যের সামগ্রিক অবস্থা পরিবর্তন করে দেওয়া হবে। কর্মচারীদের পরিবার চালানোর অর্থ না দিয়ে তাদের দুর্নীতির পথে হাঁটানোর চেষ্টা করছে রাজ্যের বামফ্রন্ট সরকার।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন