আগরতলা: খুন ও সন্ত্রাসের মাধ্যমে সিপিআইএম ত্রিপুরার ক্ষমতায় টিঁকে আছে বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী। তাঁর মতে, এই রাজ্যে গণতান্ত্রিক বাতাবরণ ভূলুণ্ঠিত করেছে শাসক বামফ্রন্ট।
প্রধানমন্ত্রী বলেন, "দীর্ঘ ২০ বছরে প্রত্যেকটি নির্বাচনে গণতন্ত্রকে পরাভূত করে, মতাধিকার হরণ করে, মতদাতাদের ধমক দিয়ে বারংবার ক্ষমতায় ফিরে এসেছে বামেরা। তবে সে সময় দিল্লিতে মোদী ছিল না। এর আগে কংগ্রেস সরকার ছিল দিল্লিতে। আর ওই সরকার দিল্লির ক্ষমতায় টিঁকে থাকার জন্য বামেদের উপর নির্ভরশীল ছিল। কিন্তু এখন আর আগের দিন নেই। দিন বদল হয়েছে। যারা এখনও খুন ও সন্ত্রাসরাজ কায়েম করছে তাদের আইনি ব্যবস্থার জন্য তৈরি থাকতে হবে।"
রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যথেষ্ট উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, সিপিআইএম রাজ্যে খুন সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে। তবে এমনটা চলতে দেওয়া যাবে না। রাজ্যে বিজেপি-কর্মীদের খুন করা হচ্ছে। গরিব মায়ের সন্তান মধুসূদন দেব প্রাণ হারিয়েছেন। শুধু বিজেপি করার দায়ে। তাঁর বাঁচার অধিকার কেড়ে নেওয়া হয়েছে। তবে এ সব বিষয়ে কেন্দ্রীয় সরকার নীরব দর্শক হয়ে থাকতে পারে না। সিপিআইএম ক্যাডারদের মনে রাখতে হবে, এখন দিল্লিতে কংগ্রেস সরকার নেই যে তাদের মদত করবে। এই রাজ্যে আর হিংসা চলতে দেওয়া হবে না।
ভাষণমঞ্চ থেকে তিনি নির্বাচন কমিশনকে আসন্ন নির্বাচনকে স্বাভাবিক এবং শান্তিপূর্ণ রাখার জন্য উপযুক্ত পদক্ষেপ নিতে আহ্বান জানান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, "নির্বাচন কমিশনকে অবশ্যই সাধারণ মানুষের শান্তিপুর্ণ এবং স্বাভাবিক মতদান সুনিশ্চিত করতে হবে। আশা করা যায় নির্বাচন কমিশন অবশ্যই এই দায়িত্ব পালন করবে।"
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন