বুধবার ফের ভারতী ঘোষের ফ্ল্যাটে সিআইডি-র হানা - Aaj Bikel
বুধবার ফের ভারতী ঘোষের ফ্ল্যাটে সিআইডি-র হানা

বুধবার ফের ভারতী ঘোষের ফ্ল্যাটে সিআইডি-র হানা

Share This


কলকাতা : বুধবার ফের ভারতী ঘোষের মাদুরদহের ফ্ল্যাটে হানা দিল সিআইডি । ধৃত কেয়ারটেকার রামলিঙ্গম সিং-কে নিয়ে তল্লাশি শুরু করলেন গোয়েন্দারা । মঙ্গলবার এই বাড়ি থেকেই প্রায় ২.৫ কোটি টাকা উদ্ধার হয়েছে বলে দাবি সিআইডি-র । সিআইডি-র অনুমান, এই বাড়িতে আরও টাকা এবং গয়না পাওয়া যেতে পারে । তবে,এরই মধ্যে ফ্ল্যাট থেকে ল্যাপটপ, কম্পিউটার বাজেয়াপ্ত করা হয়েছে ।

ভারতী ঘোষের বিরুদ্ধে অভিযোগ, পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার থাকাকালীন তিনি স্বর্ণ ব্যবসায়ীদের থেকে তোলা তুলতেন । জনৈক সোনার কারবারি চন্দন মাজির অভিযোগের সূত্র ধরেই ভারতীর একাধিক বাড়িতে তল্লাশি চালিয়েছে সিআইডি । ইতিমধ্যে এই ঘটনায় সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন ভারতী ঘোষের স্বামী । তাকেও তলব করেছে সি আই ডি ।

মঙ্গলবারই পুলিশের প্রতারণা চক্রের খোঁজে তল্লাশিতে উদ্ধার হয় কোটি কোটি টাকা । নাকতলা ও মাদুরদহ সহ কলকাতায় ভারতী ঘোষের বাড়ি ও তিনটি ফ্ল্যাটে তল্লাশি চলায় সি আই ডি । প্রায় ২ কোটি ৪০ লক্ষ টাকা উদ্ধার হয়েছে বলে সিআইডি সূত্রে খবর । তল্লাশির কথা ভারতী ঘোষ নিজে দাবি করলেও ওই ফ্ল্যাটগুলি কার, তা জানাচ্ছে না সিআইডি ।

অন্যদিকে, সার্চ ওয়ারেন্ট ছাড়াই তল্লাশির অভিযোগে মঙ্গলবারও আনন্দপুর থানায় অভিযোগ দায়ের করেন ভারতী ঘোষের স্বামী । সোমবার একই অভিযোগে নেতাজিনগর থানায় অভিযোগ দায়ের করেছিলেন । তারপরও তল্লাশি নিয়ে মুখ খুলছে না সিআইডি । একের পর ফ্ল্যাটে হানা, তল্লাশি, ঘনিষ্ঠকে গ্রেফতার । পুলিশের প্রতারণা মামলায় জাল ক্রমশ গুটিয়ে আনছে সিআইডি । টাকা পাচারের অভিযোগ ওঠায় ভিনরাজ্যেও তল্লাশিতে গিয়েছে সিআইডির টিম । রাজ্যের প্রাক্তন দাপুটে আইপিএস অফিসার ভারতী ঘোষ অভিযোগ করেছেন, মূলত তাঁকে ফাঁসাতেই কোমর বেঁধে আসরে নেমেছে রাজ্য সরকার । সেই কারণেই সিআইডিকে তাঁর পিছনে লেলিয়ে দেওয়া হয়েছে ।

কোন মন্তব্য নেই: