কলকাতা : রেলবাজেটে পশ্চিমবঙ্গের বঞ্চনা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধায় মুখর হলেও মেট্রো প্রকল্পগুলিতে লগ্নির ব্যাপারে খুশি রেলকর্তারা। কর্তাদের মতে, গত আট বছরে এবারের মত এ রাজ্যের মেট্রো প্রকল্পে এত বিনিয়োগ এর আগে দেখা যায়নি।
জমিজটে আটকে হাঁসফাঁস করছে কিছু মেট্রোপ্রকল্প। রেল সূত্রের খবর, এই জট খুলতে এবারের বাজেটে জোর দেওয়া হয়েছে। কয়েকটি নির্দিষ্ট ক্ষেত্রে গতবারের তুলনায় বরাদ্দ দ্বিগুন করা হয়েছে। মমতা রেলমন্ত্রী থাকার সময়ে ২০১০-১১ অর্থবর্ষে কিছু মেট্রো প্রকল্পকে কেন্দ্রীয় প্রকল্পের আওতায় আনা হয়। বরাদ্দ হয় ৪ হাজার কোটি টাকা। রেলের এক পদস্থ অফিসার বলেন, ”এর একটা বড় অংশ কাজে লাগানো যায়নি মূলত জমিজটের জন্য। এরপর থেকে ওই সব খাতে বরাদ্দ কেন্দ্র কমিয়ে দেয়।“ তিনি বলেন, গত বছর এর কয়েকটিতে কেন্দ্র কিছু বরাদ্দ বাড়ায় দখলদার সরিয়ে জট কাটাতে মুখ্যমন্ত্রী ইতিবাচক পদক্ষেপ নেওয়ায়। এবার দখলদার সরানোর প্রক্রিয়া অনেকটা এগোনোয় কেন্দ্র মেট্রো প্রকল্পগুলিতে বরাদ্দ অনেকটাই বাড়িয়েছে।“
এক ঝলকে দেখা যাক প্রকল্পগুলির দিকে। নোয়াপাড়া-এয়ারপোর্ট-বারাসত প্রকল্পে ২০১৭-’১৮ অর্থবর্ষে বরাদ্দ ছিল ১২০ কোটি টাকা। ২০১১৮-১৯ অর্থবর্ষে তা বেড়ে হয়েছে ২১২ কোটি টাকা। এই দুই অর্থবর্ষে নোয়াপাড়া-বরাহনগর-দক্ষিনেশ্বর-বারাকপুর প্রকল্পে বরাদ্দের পরিমাণ অবশ্য একই রয়েছে—য়১০০ কোটি টাকা। এয়ারপোর্ট-নিউ গড়িয়া অংশে গতবারের বাজেট ছিল ২২০ কোটি টাকা। এবার বেড়ে হয়েছে ৩৪৪ কোটি টাকা। জোকা-বিবাদি বাগ প্রকল্পে গত বছর বরাদ্দ ছিল ৫০ কোটি টাকা। এবার বেড়ে হয়েছে ১৭০ কোটি টাকা। তবে কমেছে ইস্ট ওয়েস্ট মেট্রো-র বরাদ্দ। গত বছর এই বরাদ্দ যেখানে ছিল ১৯৩৭ কোটি টাকা। এবার তা কমে হয়েছে ১১০০ কোটি টাকা।
দেখা যাক প্রকল্পগুলির কাজ কী অবস্থায় আছে। নোয়াপাড়া ও বিনবন্দরের মাঝে পাঁচটি পরিবার জায়গা আটকে রেখেছিল। ফলে, আটকে ছিল ওই অংশের প্রায় দেড়শ মিটার নির্মাণকাজ। রেলসূত্রের খবর, পরিবর্ত বাসস্থান পেয়ে ওরা সরতে রাজি হয়েছে। প্রস্তাবিত প্রকল্পের নকশাপথে বিমানবন্দরে একটি সাবস্টেশন এবং একটি জলশোধন কেন্দ্র সরানো গিয়েছে। এই সব অংশে শীঘ্রই কাজ শুরু হবে। যদিও বিমানবন্দর ও বারাসতের মাঝে দখলদার সরানোর কাজ এখনও সফল হয়নি।
নোয়াপাড়া-দক্ষিণেশ্বর পথে ছিল প্রায় ৫০০ ঝুপড়ি। এগুলির মধ্যে প্রায় ৯০ শতাংশ সরানো গিয়েছে বলে কর্তৃপক্ষের দাবি। মেট্রো রেলের এক পদস্থ অফিসার বুধবার জানান, বাকি দখলদারেরাও সরতে রাজি হয়েছে। তবে, সরকার বরাহনগর-বারাকপুর অংশের দখলদার সরাতে সরকার খুব একটা আগ্রহী নয়। বি টি রোডে জলের গুরুত্বপূর্ণ ভূগর্ভস্থ পাইপ থাকায় এখান দিয়ে মেট্রো সম্প্রসারণ করা যাচ্ছে না।
বিমানবন্দর-নিউ গড়িয়া অংশের সবচেয়ে বড় বাধা বিধাননগরের মহিষবাথানের আটটি বড় বাড়ি। প্রকল্পের নির্মাণপথে এগুলি নিয়ে বেশ কিছুকাল ধরে জটিলতা চলছে। রেলের এক পদস্থ অফিসার ‘হিন্দুস্থান সমাচার‘-কে জানান, “রাজ্য সরকার জানিয়েছে কয়েক মাসের মধ্যে বাড়িগুলি ভেঙে ফেলার ব্যবস্থা হবে। মেট্রোর প্রস্তাবিত স্টেশন তৈরির জন্য ইএম বাইপাসের পাশে জমি অধিগ্রহণের কাজ অনেক আগেই মিটে গিয়েছে। ওই কাজ চলছে পুরোদমে।“
প্রস্তাবিত জোকা-বিবাদি বাগ পথে মেনটেনান্স ডিপো তৈরির জন্য ৩১০ একরের যে জমি দরকার ছিল, তা মিলেছে। তবে, প্রকল্পটির অন্যান্য কিছু অংশে এখনও জমিজট রয়েছে। মেট্রো রেল সূত্রের খবর, মাঝেরহাটের জমিজট অনেকটাই কাটার পথে।
ইস্ট ওয়েস্ট মেট্রোর নির্মাণকাজের গতিতে ভাঁটা পড়েছিল গত বছর বিবাদি বাগ অঞ্চলে সুড়ঙ্গ খুঁড়তে না পাড়ায়। মেট্রোর এক পদস্থ অফিসার জানান, “গত বছর এই প্রকল্পের বরাদ্দের মধ্যে জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সির ঋণের অঙ্ক ঢুকে থাকায় মোট পরিমাণটি এত বেশি হয়েছে। এ বার এই অংশে কাজের গতি বাড়লে আগামীবার কেন্দ্রীয় অর্থবরাদ্দ বাড়বে বলে আশ্বাস পাওয়া গিয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন