পানিপত : শুক্রবার হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ভুপিন্দার সিং হূডা ও আরও ৩৪ জনের বিরুদ্ধে চার্জশিট পেশ করল সিবিআই৷ লোকঠকানো ও অপরাধ মূলক ষড়যন্ত্রের মামলায় এদের প্রত্যেকের বিরুদ্ধে চার্জশিট পেশ করা হয়েছে৷ অভিযোগ ছিল, সরকারের আমলাদের ও অফিসারদের সাহায্যে সরকারি ক্ষমতার অপব্যবহার করে প্রায় ৪০০ একর জমি কৃষকদের কাছ থেকে মাত্র ১০০ কোটি টাকায় কিনে নেয় জমির দালালরা৷ রাজ্য সরকার এই ৪০০ একর জমি জবরদখল করে নেবে এই ভয় দেখিয়ে নামমাত্র মূল্যে কৃষকদের কাছ থেকে জমি কিনে নেয় জমির দালালরা৷
সিবিআই তদন্তে উঠে আসে ভয়ানক তথ্য৷ জানা যায়, সরকারী আমলারা সরকারী কাগজপত্র দেখিয়ে কৃষকদের ভুল বোঝাতে সাহায্য করে৷ পুরো প্রক্রিটাতে পুরোপুরি চুপ ছিল ভুপিন্দার সিং হুডা সরকার৷ সরকারের আমলা ও অফিসাররাই এই কাজে যুক্ত ছিলেন৷ সিবিআই তদন্তে জানা যায় যে, ২০০৪ সালে ভুপিন্দর সিং হূডার সরকার জমি অধিগ্রহণের একটি নোটিফিকেশনও জারি করে এই বিষয়ে৷ যে নোটিফিকেশনে বলা হয়, রাজ্য সরকারের তরফ থেকে ৯১২ একর জমি অধিগ্রহণ করা হবে একটি মডেল শহর তৈরির জন্য৷ সিবিআই তদন্তে প্রমাণ হয় যে, কমদামে জমি কিনে নিতেই এই নোটিফিকেশন জারি করা হয়েছিল৷ কারণ তদন্তে আরও উঠে আসে যে, ২০০৭ সালের শেষের দিকে সরকারের তরফে আরও একটি নোটিফিকেশন জারি করে মডেল শহরের জন্য জমি অধিগ্রহণের পরিকল্পনা বাতিল করা হয়৷ কিন্তু ততদিনে গরিব কৃষকরা তাদের জমি নামমাত্র মূল্যে জমির দালালদের বিক্রী করে দিয়েছেন৷-
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন