সিআইডি-র হাজিরা এড়ালেন এমএভি রাজু - Aaj Bikel
সিআইডি-র হাজিরা এড়ালেন এমএভি রাজু

সিআইডি-র হাজিরা এড়ালেন এমএভি রাজু

Share This


কলকাতা : বিতর্কিত আইপিএস অফিসার ভারতী ঘোষের স্বামী এমএভি রাজু সিআইডি-র হাজিরা এড়ালেন । বুধবার ভবানী ভবনে গেলেন না তিনি । পশ্চিম মেদিনীপুরের দাসপুরের একটি প্রতারণার মামলায় ভারতীর স্বামীকে জিজ্ঞাসাবাদ করতে চায় সিআইডি । সোমবারই তার বাড়িতে নোটিশ পাঠিয়ে তাঁকে তলব করে সিআইডি ।

চলতি সপ্তাহেই ভারতী ঘোষের স্বামী এম এভি রাজুকে তলব করে সিআইডি । যত দ্রুত সম্ভব ভবানী ভবনে দেখা করার নির্দেশ দেওয়া হয়েছিল সিআইডি-র পক্ষ থেকে । এর আগে আজ অর্থাৎ বুধবার তিনি সিআইডি-র দফতরে যেতে পারেন বলে জানিয়েছিলেন এম এভি রাজু । কিন্তু, বুধবার সকালের দিকেই ভারতী ঘোষের স্বামী আইনজীবী মারফত সিআইডিকে জানিয়ে দেন যে শারীরিক অসুস্থতার কারণে তিনি হাসপাতালে ভরতি । তাই আজ তিনি ভবানী ভবনে যেতে পারছেন না ।

এদিকে,গতকালই পুলিশের প্রতারণা চক্রের খোঁজে তল্লাশিতে উদ্ধার হয় কোটি কোটি টাকা । নাকতলা ও মাদুরদহ সহ কলকাতায় ভারতী ঘোষের বাড়ি ও তিনটি ফ্ল্যাটে তল্লাশি চলায় সিআইডি । প্রায় ২ কোটি ৪০ লক্ষ টাকা উদ্ধার হয়েছে বলে সিআইডি সূত্রে খবর । তল্লাশির কথা ভারতী ঘোষ নিজে দাবি করলেও ওই ফ্ল্যাটগুলি কার, তা জানাচ্ছে না সিআইডি ।

অন্যদিকে, সার্চ ওয়ারেন্ট ছাড়াই তল্লাশির অভিযোগে মঙ্গলবারও আনন্দপুর থানায় অভিযোগ দায়ের করেন ভারতী ঘোষের স্বামী । সোমবার একই অভিযোগে নেতাজিনগর থানায় অভিযোগ দায়ের করেছিলেন । তারপরও তল্লাশি নিয়ে মুখ খুলছে না সিআইডি । একের পর ফ্ল্যাটে হানা, তল্লাশি, ঘনিষ্ঠকে গ্রেফতার । পুলিশের প্রতারণা মামলায় জাল ক্রমশ গুটিয়ে আনছে সিআইডি । টাকা পাচারের অভিযোগ ওঠায় ভিনরাজ্যেও তল্লাশিতে গিয়েছে সিআইডির টিম । রাজ্যের প্রাক্তন দাপুটে আই পি এস অফিসার ভারতী ঘোষ অভিযোগ করেছেন, মূলত তাঁকে ফাঁসাতেই কোমর বেঁধে আসরে নেমেছে রাজ্য সরকার । সেই কারণেই সিআইডিকে তাঁর পিছনে লেলিয়ে দেওয়া হয়েছে ।

কোন মন্তব্য নেই: