তিন ছেলেমেয়েকে বিষ খাইয়ে আত্মঘাতী মহিলা - Aaj Bikel
 তিন ছেলেমেয়েকে বিষ খাইয়ে আত্মঘাতী মহিলা

তিন ছেলেমেয়েকে বিষ খাইয়ে আত্মঘাতী মহিলা

Share This


মালদা  : মালদার হরিশ্চন্দ্রপুরে স্বামীর সঙ্গে বিবাদের জেরে ছোটো ছোটো তিন ছেলেমেয়েকে বিষ খাইয়ে নিজেও বিষপান করে আত্মঘাতী এক মহিলা।এই ঘটনায় মায়ের মৃত্যু হয়েছে। বেঁচে রয়েছে ছেলেমেয়েরা। মৃত বধূর নাম রুকসানা বিবি। বয়স ২৯। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে । বর্তমানে তিন ছেলেমেয় মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। শুক্রবার সকালে খবর পেয়ে ঘটনাস্থানে রওনা দেয় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।
জানা গেছে, ১৫ বছর আগে তাঁর বিয়ে হয় কনুয়া রহমতপুর গ্রামের আজ়াদ আলির সঙ্গে। আজ়াদ পেশায় কৃষি শ্রমিক।

অভাব অনটনের সংসার। তাঁদের দুই মেয়ে, এক ছেলে। আজ়াদের বিশেষ আয় নেই। রুকসানার ভাই বাবর আলির অভিযোগ, বিয়ের পর থেকে অভাব অনটন নিয়ে আজাদের সঙ্গে রুকসানার ঝামেলা হত। আজ়াদ মদ্যপানও করত। মাঝেমধ্যেই সে বাবার বাড়ি থেকে টাকা আনার জন্য স্ত্রীকে চাপ দিত। এর আগে সে স্ত্রী’র কানের সোনার দুল ছিনিয়ে নেয়। তা নিয়ে গ্রামে সালিশিও হয়। সালিশিতে তাকে দোষী সব্যস্ত করা হয়। কিন্তু, এত কিছুর পরেও তার লোভ মেটেনি। বাপের বাড়ি থেকে টাকা না আনায় সে প্রায়শই রুকসানাকে মারধর করত।

 গত বুধবারও একই ঘটনা ঘটে। বাবর জানান, বৃহস্পতিবার রাতে রহমতপুর গ্রামের এক বাসিন্দা ফোন করে তাঁদের জানান যে অশান্তি সহ্য করতে না পেরে তাঁর দিদি ছেলেমেয়েদের নিয়ে বিষ পান করেছেন। তাঁদের সবাইকে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেই খবর পেয়েই তাঁরা সবাই হাসপাতালে ছুটে যান। কিন্তু রাত ২টো নাগাদ মৃত্যু হয় তাঁর দিদির। তাঁর তিন ভাগ্নে-ভাগ্নিকে রাতেই নিয়ে যাওয়া হয় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। বর্তমানে তারা মাদার অ্যান্ড চাইল্ড হাবে চিকিৎসাধীন। পুলিশ জানিয়েছে, এখনও পর্যন্ত ঘটনার কোনও অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ দায়ের হলেই পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

কোন মন্তব্য নেই: