কলকাতা : শহুরে শিক্ষিত সমাজের বাইরে, অনুন্নত, অনগ্রসর শ্রেণির দক্ষতাবৃদ্ধির দিকে নজর দিতে চায় রাজ্য। এ ব্যাপারে সরকারি সংস্থা ও প্রতিষ্ঠানগুলির মধ্যে সুষম সমন্বয় দরকার। শুক্রবার কলকাতায় এক বণিকসভায় এই মন্তব্য করলেন রাজ্যের কারিগরী শিক্ষা, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন দফতরের মন্ত্রী পূর্ণেন্দু বসু। ‘চেঞ্জিং ফেস অফ স্কিলিং ইন ইন্ডিয়া- ট্রেন্ডস অ্যান্ড প্রোপোসালস’ শীর্ষক আলোচনাসভায় তিনি এই কথা বলেন। বেলুড় রামকৃষ্ণ মিশন শিল্পমন্দিরের স্বামী বেদতিতানন্দ, পিয়ারলেস স্কিল অ্যাকাডেমির সিইও কল্যাণ দেবনাথ, লিলুয়া ডন বস্কো-র রেক্টর ফাদার টমি জোসেফ, মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সভাপতি রমেশ অগ্রবাল-সহ সংশ্লিষ্ট মহলের অভিজ্ঞরাও এ দিন এ বিষয়ে তাঁদের মত প্রকাশ করেন। তাঁদের সকলেরই মত, “প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের সময়ে দেখতে হবে, সেটা যেন কেবল কর্মমুখী না হয়। ছেলেমেয়েরা যেন মানুষ তৈরী হয়।”
পূর্নেন্দুবাবু স্বীকার করেন, “ভবিষ্যৎ পরিকল্পনার মাধ্যমে হাতে হাত মিলিয়ে অভাবী লোকেদের দক্ষতাবৃদ্ধি না করতে পারলে সমস্যার সমাধান হবে না। গ্রামের দিকে বেশি নজর দিতে হবে। আর শহরের কথা বলতে গেলে, এখনও প্রচুর চটকল চালু রয়েছে এ রাজ্যে। কেবল বস্তা নয়, ‘জিও টেক্সটাইল’-এর মত চটের নানা জিনিসের বিশ্বব্যাপী চাহিদা রয়েছে. এই ক্ষেত্রের শ্রমিকদের দক্ষতাবৃদ্ধির উপর জোর দিতে হবে। প্রায় ৬০ হাজার চাষীকে হাতেকলমে প্রশিক্ষণ দিয়েছে সরকার। গোবর গ্যাস তৈরির তালিম দিতে হবে গ্রামের ছেলেমেয়েদের।”
শহরের দক্ষতা উন্নয়ন-প্রশিক্ষণ নিয়ে তিনি বলেন, “এখন কারখানার চেয়েও গুরুত্ব বেড়েছে পরিষেবা ক্ষেত্রের। এই নয়া ক্ষেত্রের বিভিন্ন অংশের ভবিষ্যতের চাহিদার কথা ভেবে প্রশিক্ষণ দিতে হবে| যেমন ‘গ্রিন সিটি’, ‘স্মার্ট সিটি’ এ সব হচ্ছে। এই সব জায়গার জন্য ‘রুফ টপ গার্ডেনিং’ ও স্বাস্থ্য়-পরিষেবা নিয়ে আধুনিক প্রশিক্ষণ দরকার।”
রামকৃষ্ণ মিশনের স্বামী বেদতিতানন্দ বলেন, দক্ষতা বলতে বোঝায় পড়াশোনা জানে না অথচ হাতে জাদু। একটি ছোট যন্ত্রাংশ দেখিয়ে তিনি সমবেতদের বলেন, “এটাকে বলে এসএনপিএস। মোবাইল ফোনে লাগে। বাইরে দোকানে এক একটার দাম ২৫০-৩০০ টাকা।অথচ, এই এখানকার চিনাবাজার থেকে এগুলো বেশি করে কেনায় পাওয়া গেল ১০ টাকা করে। চিনে তৈরী। ভেবে দেখুন! চীনাদের হাতে কি জাদু আছে ওদের হাতে! এই জাদু আমাদের এখানকার হাতে হাতে পৌঁছিয়ে দিতে হবে! আর একটা কথা! সন্ন্যাস নেওয়ার আগে আমি কিছুকাল জাপানে ছিলাম। এক বন্ধুকে দেখেছি, ওখানে অফিসে ১১ ঘন্টা কাজ করছে। আমি প্রশ্ন করলাম, কেন? উনি বললেন, “আট ঘন্টা অফিসের জন্য, আর তিন ঘন্টা দেশের জন্য। এই বোধটা আমাদের নেই। এই বোধ আনতে হবে!”
কল্যাণ দেবনাথ বলেন, “উত্পাদনশিলতা এবং বেকার সমস্যার সমাধানের জন্য দক্ষতা উন্নয়নের পরিকল্পনা খুব জরুরি বিষয় | ফার্মাসির মত কিছু ক্ষেত্র আছে, যেগুলিতে ভবিষ্যতে কাজের অনেক সুযোগ আছে!” ফাদার টমি জোসেফ বলেন, “দেশের আর্থ-সামাজিক বিষয়ের ওপর চোখ রেখে এই পরিকল্পনা তৈরী দরকার।” রমেশ অগ্রবাল বলেন, “দক্ষতা উন্নয়নের পরিকল্পনার সঙ্গে দলে দলে লোক আসার বিষয় এবং ক্রমবর্ধমান বেকারির কথা মাথায় রাখতে হবে।” এসবের উত্তরে পূর্ণেন্দু বসু বলেন, “এ রাজ্যে সরকারি-বেসরকারি মিলিয়ে প্রায় ২৫০টি আইটিআই আছে। এটা অস্বীকার করলে চলবে না, এদের কার্যক্রম সব ঠিকঠাক! তবে, সম্প্রতি পর্যায়ক্রমে ওদের প্রশিক্ষণের ঘরানায় অনেক বদল করা হয়েছে। ৮০০ কারিগরি স্কুলকে বলেছি, আগে ভাল প্রশিক্ষক নিয়ে আস। তার পর সরকারী সহায়তা নিও”।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন