নয়াদিল্লি: উঠে গেল পিঁয়াজের ন্যূনতম রফতানি মূল্য৷ রফতানি বাড়াতেই সব ধরনের পিঁয়াজের উপর থেকে মিনিমাম এক্সপোর্ট প্রাইস (এমইপি)তুলে নেয় কেন্দ্রীয় সরকার৷ এই সিদ্ধান্তের ফলে পিঁয়াজ রফতানি করতে গেলে সরকারকে যে টাকা দিতে হয় এবার থেকে তা আর দিতে হবে না। রফতানিতে উৎসাহ দিতেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী সুরেশ প্রভু।
গত নভেম্বরে পিঁয়াজের এমইপি ধার্য করেছিল কেন্দ্রীয় সরকার। ঠিক হয়, রফতানি করা প্রতি টন পিঁয়াজে ৮৫০ মার্কিন ডলার করে নেওয়া হবে। ঘরোয়া বাজারে পিঁয়াজ মজুত রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এবার তা তুলে নেওয়া হল। আর এই সিদ্ধান্তে দেশের বাজারে পিঁয়াজের ঘাটতি থেকে যাওয়ার প্রবল সম্ভবনা দেখা দিতে পারে অনুমান করছেন অর্থনীতিবিদের একাংশ৷
সরকারি তরফে এনিয়ে বিজ্ঞপ্তি জারি করে ডিরেক্টরেট জেনেরাল অফ ফরেন ট্রেডের তরফে জানানো হয়েছে, পিঁয়াজ রফতানিতে আর কোনও এমইপি লাগবে না। পাশাপাশি টুইট করে বাণিজ্যমন্ত্রী সুরেশ প্রভু বলেন, “পিঁয়াজের রফতানিতে মিনিমাম এক্সপোর্ট প্রাইস তুলে দেওয়া হয়েছে। সব প্রজাতির পিঁয়াজই এখন রফতানি করা যেতে পারে। কৃষিপণ্যের রফতানি বাড়াতে আমরা সবরকম পদক্ষেপ নিচ্ছি।”
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন