বিত্তবান প্রবীণদের নির্ভরযোগ্য আশ্রয়স্থল স্নেহদিয়া - Aaj Bikel
বিত্তবান প্রবীণদের নির্ভরযোগ্য আশ্রয়স্থল স্নেহদিয়া

বিত্তবান প্রবীণদের নির্ভরযোগ্য আশ্রয়স্থল স্নেহদিয়া

Share This


কলকাতা : জটিল সমস্যায় পড়েছেন পরঞ্জয় সেনগুপ্ত। একমাত্র সন্তান। বাবা ছিলেন বড় সেনা অফিসার। মা পড়াতেন কলকাতার নামী ইংরেজি মাধ্যমের একটি স্কুলে। আইআইটি থেকে পাশ করে বেশ ক’বছর হল জার্মানি চলে গিয়েছেন। কাজ করেন আখেন শহরে একটি নামী সংস্থায়। ছোট ছেলে দ্বৈপায়ন এখন জার্মানিকেই স্বদেশ বলে ভাবতে শুরু করেছে। স্ত্রী সুদেষ্ণাও জার্মান স্বাচ্ছন্দ্য ছেড়ে সরতে রাজি নয়। মা একা, অসুস্থ। তিনিও কলকাতার পাট চুকিয়ে ছেলের কাছে যেতে একদম রাজি নন। দেখাশোনার লোক নাকি চুরি করছে! সব আছে, একটা জিনিস বাদে! আর, তা হল মায়ের নিরাপদ, নির্ভরযোগ্য, নিশ্চিন্ত একটা আশ্রয়।

পরঞ্জয় সেনগুপ্ত একটা উদাহরণমাত্র। এ রকম সম্পন্ন ঘরের অনাবাসী অনেক বঙ্গসন্তানের সমস্যা এটা! এদের জন্য এগিয়ে এল ‘হিডকো'। সরকারি এই সংস্থা শুরু করল আধুনিক বহুতল আশ্রয় ‘স্নেহদিয়া'। হিডকোর চেয়ারম্যান তথা রাজ্যের অন্যতম অতিরিক্ত মুখ্যসচিব দেবাশিস সেনের কথায়, “এটাকে বলতে পারেন বিলাসবহুল হোটেল আর স্টুডিও অ্যাপার্টমেন্টের মাঝামাঝি উচ্চমানের আশ্রয়। বয়স্কদের নিয়ে নিরন্তর কাজ করেন, এ রকম অভিজ্ঞ গবেষক, চিকিৎসক ও স্বেচ্ছাসেবীর সঙ্গে কথা বলে তৈরি হচ্ছে প্রকল্পটি। কাজ শেষ হবে চলতি বছর শেষদিকে। তবে, শুরু হয়েছে নাম নথিভুক্তি।” বুধবার সল্টলেকে পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম ঘোষণা করলেন প্রকল্পটির। সরকারি ভর্তুকিতে নয়, যাঁরা থাকবেন এখানে, চালানো হবে তাঁদের টাকাতেই।

নিউ টাউনে ‘স্নেহদিয়া’ খোলামেলা পরিবেশে একটি সুন্দর নকশার বাড়ি। থাকছে ৯০টি এক শয্যার এবং ৫৭টি দুই শয্যার ঘর। বরাদ্দ হবে ‘লিভ অ্যান্ড লাইসেন্স’ ভিত্তিতে। লাগবে এককালীন ২৫ লক্ষ টাকা। থাকা-খাওয়া-চিকিৎসার জন্য মাসে ১৬ হাজার টাকা করে। ৫৫ বছর বা তার বেশি বয়সের কারও জন্য আবেদন করা যাবে।

কিন্তু কোনও আবাসিক মারা গেলে বা অন্যত্র চলে যেতে চাইলে গচ্ছিত ২৫ লক্ষ টাকার কী হবে? দেবাশিসবাবু জানান, “২৫ শতাংশ কেটে রেখে বাকি টাকা ফেরৎ দিয়ে দেওয়া হবে।” অনেকের মতে, প্রকৃত উচ্চবিত্ত ছাড়া এই প্রকল্পে থাকার কথা কেউ ভাবতে পারবেন না। হিডকো-র এক কর্তা বলেন, “বহু সম্পন্ন ব্যক্তি এখন সন্তানদের ওপর নির্ভরশীল না থেকে কর্মজীবনেই একটা ভাল থাকার জায়গার খোঁজ করেন। অনেক নিরুপায় সন্তানও শিকড় ছেড়ে যেতে না চাওয়া বাবা-মায়ের জন্য এ রকম জায়গা চান। অতি বিলাসবহুল পরিবেশে থাকার জন্য এই পরিকল্পনা।”

উঁচু মানের কী রকম পরিবেশ, তা ব্যাখ্যা করতে গিয়ে দেবাশিসবাবু বলেন, “চার বেলা খাওয়া, প্রতি দুটি ফ্ল্যাটে এক জন করে কাজের লোক, চিকিৎসক- এ সবের পাশাপাশি ফ্ল্যাটের বাথরুমে নানা অংশে হাতল রাখা হয়েছে বয়স্করা যাথে যখন যে রকম প্রয়োজন, ধরতে পারেন। এক নামী চিকিত্সকের প্রস্তাব মেনে প্রতিটি আসবাবপত্র এমন করা হয়েছে, খোঁচা লাগানো এড়াতে সেগুলিতে কোনও ধার থাকবে না। বিছানা-চেয়ার প্রভৃতির উচ্চতাও ভেবেচিন্তে করা হচ্ছে। এমনিতে সবার জন্য জিম ও মর্নিং ওয়াকের ব্যবস্থা থাকছে। যাঁরা আরও স্বাচ্ছন্দ্য চান, বাড়তি মূল্য দিলে তাঁদের ঘরের দোরগোড়ায় ওয়াকের ব্যবস্থা করে দেওয়া হবে।”

কোন মন্তব্য নেই: